হিলারি ক্লিনটন শয়তান: ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট দলীয় প্রার্থী হিলারি ক্লিনটনকে ‘শয়তান’ বলেছেন।
বিবিসি জানিয়েছে, ট্রাম্পের বিরুদ্ধে নিজ দলের নেতাদের ধারাবাহিক সমালোচনা চলার মধ্যেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী সম্পর্কে তিনি এ মন্তব্য করেছেন।
সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের পেনসিলভ্যানিয়া অঙ্গরাজ্যের একট হাইস্কুলের ব্যায়ামাগারে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প এসব কথা বলেন। এ সময় তিনি ডেমোক্রেট দলীয় নেতা বের্নি স্যান্ডার্সকেও আক্রমণ করে কথা বলেন।
ট্রাম্প বলেন, ডেমোক্রেটিক দলের মনোনয়ন দৌঁড়ে স্যান্ডার্স হিলারির কাছে আত্মসমর্পণ করেছেন।
“তিনি শয়তানটার সঙ্গে সমঝোতা করেছেন। সে-ই (হিলারি) শয়তান,” বলেন তিনি।
ডেমোক্রেট দলের জাতীয় সম্মেলনে হিলারিকে সমর্থন জানিয়ে তার পক্ষে কাজ করার কথা ঘোষণা করেছিলেন হিলারির মনোনয়ন দৌঁড়ের প্রতিদ্বন্দ্বী স্যান্ডার্স। তখন স্যান্ডার্সের এই সমর্থনকে ‘শয়তানের সঙ্গে সমঝোতা’ বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন। রয়টার্স
এর আগে ইরাকে নিহত যুক্তরাষ্ট্রের এক মুসলিম সেনা কর্মকর্তার পিতামাতাকে নিয়ে করা মন্তব্যে ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় দলের নেতাদের সমালোচনার মুখে পড়েন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ক্যাপ্টেন হুমায়ুন খান ২০০৪ সালে ২৭ বছর বয়সে ইরাকে এক গাড়িবোমা হামলায় নিহত হন। তার পিতামাতাকে আক্রমণ করে কথা বলার জন্য ট্রাম্পের সমালোচকদের দলে সর্বশেষ যোগ দিয়েছেন রিপালিকান নেতা ও দলটির সাবেক প্রেসিডেন্ট প্রার্থী সিনেটর জন ম্যাককেইন।
ভিয়েতনাম যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন ম্যাককেইন বলেন, “আমাদের মধ্যে শ্রেষ্ঠদের মানহানি করার জন্য ট্রাম্পকে সীমাহীন অনুমতি দেওয়া হয়নি।”
এর মধ্যেই যুক্তরাষ্ট্রের অন্যতম সফল বিনিয়োগকারী ওয়ারেন বাফেট তার দেওয়া করের হিসাব প্রকাশ করার জন্য নিউ ইয়র্কের ধনকুবের ব্যবসায়ী ট্রাম্পের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।
