২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ায় জোড়া গাড়িবোমা হামলা, নিহত ১৩

সোমালিয়ার রাজধানী মোগাদিশুর বিমানবন্দরের একটি প্রবেশপথের কাছে দুটি গাড়িবোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ১৩ জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2016, 02:45 PM

Updated : 12 Apr 2022, 02:32 AM

দেশটির পুলিশের বরাতে বিবিসি এই তথ্য জানিয়েছে।

বিস্ফোরণের পর ওই এলাকা থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়।

বিস্ফোরণস্থলের কাছেই আফ্রিকান ইউনিয়নের (এইউ) শান্তিরক্ষী বাহিনীর একটি ঘাঁটি রয়েছে।

স্থানীয় সাংবাদিকেরা বলছেন, গাড়িবোমা দুটির একটি একজন আত্মঘাতীর মাধ্যমে তল্লাশি চৌকির কাছে বিস্ফোরিত হয়। অপর বিস্ফোরণ বিমানবন্দরের সীমানাপ্রাচীরে আঘাত হানে।

বিস্ফোরণে নিহতদের মধ্যে তল্লাশি চৌকির নিরাপত্তারক্ষীরাও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

আফ্রিকাভিত্তিক ইসলামি জঙ্গিগোষ্ঠী আল-শাবাব দাবি করেছে, তারাই এই গাড়িবোমা দুটির বিস্ফোরণ ঘটিয়েছে। আফ্রিকান ইউনিয়নের (এইউ) সদরদপ্তর ছিল তাদের লক্ষ্য।

সোমালিয়ার এইউ মিশন সাধারণ মানুষের জান-মালের ক্ষতিসাধনকারী এই হামলার নিন্দা জানিয়েছে।