‘ট্রাম্পকে ভোট দেবেন’ ওবামার সৎভাই
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সৎভাই মালিক ওবামা আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবেন বলে জানিয়েছেন।
বিবিসি বলছে, ‘স্ট্রেইটফরোয়ার্ড ব্যক্তিত্বের’ কারণে মালিক ওবামা তাকে বেছে নিয়েছেন বলে জানিয়েছেন।
ইসলাম ধর্মাবলম্বী কেনিয়ার নাগরিক মালিক ওবামার যুক্তরাষ্ট্রের নাগরিকত্বও রয়েছে।
ট্রাম্প প্রস্তাবিত যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিকে ‘সাধারণ বোধ’ বলে মন্তব্য করেছেন মালিক।
যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রসঙ্গে ট্রাম্প এই বেফাঁস মন্তব্য করেছিলেন যা বিশ্বব্যাপী তুমুল সমালোচনার জন্ম দিয়েছিল।
মালিক ওবামা অভিযোগ করে বলেন, প্রেসিডেন্ট (ওবামা) তার পরিবারকে ‘পৃষ্ঠদেশ’ প্রদর্শন করেছেন।
মালিক বিবিসিকে বলেন, ‘বিষয়টি কিছুটা হতাশাজনক আবার কপটতাও হতে পারে’, কেনিয়া থেকে যাওয়া ওবামা পরিবারের কোনো প্রতিনিধি ফিলাডেলফিয়ার ডেমক্র্যাটিক কনভেনশনে অংশ নিচ্ছে না।
বাবার সঙ্গে বারাক ওবামা। গেল শতকের ৬০’র দশকে তোলা ছবি। কিন্তু ওবামা বড় হওয়ার সঙ্গে সঙ্গে বাবার সঙ্গে যোগাযোগ স্তিমিত হয়ে যায়। ছবি। রয়টার্স
মালিক ওবামা জানান, ডেমক্র্যাটিক পার্টি বাদ দিয়ে রিপাবলিকান পার্টির প্রতি আনুগত্যের কারণেই আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে ভোট দেবেন তিনি।
গেল শতকের মধ্য ৮০’র দশক থেকে বারাক ওবামার সৎভাই ওয়াশিংটনে বাস করছেন।
মালিক ওবামা কেনিয়ার একজন উচ্চাকাঙ্ক্ষী রাজনীতিকও। ২০১৩ সালে দেশটির সিয়ায়া কাউন্টির গভর্নর পদে নির্বাচন করে হেরে যান তিনি।
বারাক ওবামা হাওয়াইয়ে জন্মগ্রহণ করেন। তার মা একজন মার্কিনি আর বাবা কেনিয়ার নাগরিক। ওবামার দুইবছর বয়সেই তার বাবা-মার মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়।
২০০৯ সালে ওবামা প্রথমবারের মতো কেনিয়া সফর করেছিলেন।
প্রসঙ্গত, ডেমক্র্যাটিক প্রেসিডেন্ট বারাক ওবামার উত্তরসূরি হিসেবে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে লড়বেন রিপাবলিকান দলীয় প্রার্থী ধনকুবের ডোনাল্ড ট্রাম্প।
