শীর্ষ জঙ্গি নিহতের পর ইন্দোনেশিয়ায় সতর্কাবস্থা
চলতি সপ্তাহে শীর্ষ-ফেরারি জঙ্গি নিহত হওয়ার পর প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় ইন্দোনেশিয়ার নিরাপত্তা বাহিনীগুলো উচ্চ সতর্কাবস্থায় রয়েছে।
বুধবার এ তথ্য জানিয়েছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা।
প্রথম ইন্দোনেশীয় হিসেবে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রতি আনুগত্য স্বীকার করা শীর্ষ জঙ্গি সান্তোস নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।
সোমবার কেন্দ্রীয় সুলাবেসি দ্বীপে এ বন্দুকযুদ্ধ হয়।
কিন্তু দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, সান্তোস নিহত হওয়ার পরও হুমকির মাত্রা সর্বোচ্চ পর্যায়েই রয়ে গেছে।
কেন্দ্রীয় সুলাবেসির পুলিশ প্রধান রুদি সুফাহরিয়াদি জানান, সান্তোস যেখানে পালিয়ে ছিলেন সেই পোসোতে নিরাপত্তা অভিযান অব্যাহত রাখা হবে।
বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের এই শীর্ষ জঙ্গিকে ‘সন্ত্রাসী’ হিসেবে তালিকাভুক্ত করেছিল যুক্তরাষ্ট্র।
ফোনে বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, “বড় ধরনের প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিশোধ না নিলে তারা কোনো সন্ত্রাসীই না।”
প্রধান নিরাপত্তামন্ত্রী লুহুত পান্দজাইতান রাজধানী জাকার্তায় সাংবাদিকদের বলেছেন, কট্টরপন্থি অধ্যুষিত এলাকাগুলোতে অভিযান জোরদার করা হবে।
সুলাবেসি দ্বীপের জঙ্গলগুলোতে সান্তোসের মুজাহিদিন ইন্দোনেশিয়া তিমুর জঙ্গিগোষ্ঠীর প্রায় ২০ জনের মতো সদস্য লুকিয়ে আছেন বলে ধারণা করা হয়। কয়েক বছর ধরে এই এলাকায় বড় ধরনের নিরাপত্তা অভিযান পরিচালনা করছে ইন্দোনেশিয়া।
সোমবার সান্তোসের ডান-হাত হিসেবে পরিচিত এক জঙ্গিকেও গুলি করে মেরেছে পুলিশ ও সামরিক বাহিনীর একটি যৌথ দল। এতে জঙ্গিগোষ্ঠীটি দুর্বল হয়ে পড়বে বলে ধারণা করছেন দেশটির কর্মকর্তারা।
