জাতিসংঘের গাড়ি বহরের ধাক্কায় শিশু নিহত হওয়ায় ক্ষতিপূরণ
জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সামান্থা পাওয়ারের গাড়ি বহরের একটি গাড়ির ধাক্কায় ক্যামেরুনের সাত বছরের এক শিশু নিহতের ঘটনায় শিশুটির পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছে যুক্তরাষ্ট্র।
এপ্রিলে পাওয়ারের গাড়িবহর দ্রুতি গতিতে এগিয়ে যাওয়ার সময় সাত বছরের ওই শিশুটিকে মারাত্মক জখম করে বহরের একটি গাড়ি। পরবর্তী সময়ে শিশুটি মারা যায়।
বিরউয়ি তৌসিম নামের ওই শিশুটি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে স্বাগত জানাতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীদের সঙ্গে ছিল। রাষ্ট্রদূতের গাড়িবহর ঘণ্টায় একশ কিলোমিটার গতিতে পার হওয়ার সময় তৌসিম রাস্তা বরাবর দৌড় দেয়।
বহরের একটি সাঁজোয়া জিপ শিশুটিকে ধাক্কা দেয়; সঙ্গে সঙ্গে থেমে গেলেও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশে আবার চলতে শুরু করে জিপটি। অনিরাপদ এলাকায় নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে জিপটিকে চলার নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছে একটি আন্তর্জাতিক গণমাধ্যম।
বহরের একটি অ্যাম্বুলেন্স শিশুটিতে তুলে নিলেও কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়।
ঘটনার ক্ষতিপূরণ হিসেবে শিশুটির পরিবারকে ১ হাজার ২৫৭ পাউন্ড দিয়েছে যুক্তরাষ্ট্র।
এছাড়া শিশুটির পরিবারকে দুটি গরু, ময়দা, পেঁয়াজ, চাল, চিনি, লবণ, সাবান ও তেল দেওয়া হয়েছে।
এছাড়া গ্রামবাসীদের পানীয় জলের প্রাপ্যতা সহজ করার জন্য তৌসিমের গ্রামে একটি কূপ খনন করে দিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেফরি লোরি জানিয়েছেন, স্থানীয় প্রথা ও শিশুটির পরিবার ও গ্রামবাসীদের প্রয়োজন অনুযায়ী এসব ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
নাইজেরিয়ার বিদ্রোহী জঙ্গিগোষ্ঠী বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সমর্থন প্রকাশের উদ্দেশ্যে রাষ্ট্রদূত পাওয়ার ওই এলাকায় এক সপ্তাহের একটি সফরে থাকায় সময় দুর্ঘটনাটি ঘটেছিল।
যুক্তরাষ্ট্র ছাড়াও ক্যামেরুন সরকার, স্থানীয় ত্রাণ সংস্থাগুলো ও জাতিসংঘও শিশুটির পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছে।
