২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্প্যাম কিং’র আড়াই বছরের কারাদণ্ড

ফেইসবুক ব্যবহারকারীদের ২ কোটি ৭০ লাখ স্প্যাম ইমেইল পাঠানোর দায়ে যুক্তরাষ্ট্রে এক ব্যক্তিকে আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2016, 01:49 PM

Updated : 12 Apr 2022, 02:17 AM

বিবিসি বলছে, সানফোর্ড ওয়ালেস নামের ৪৭ বছর বয়সী ওই ব্যক্তি ‘স্প্যাম কিং’ হিসেবে পরিচিতি পান।

গেল বছর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইনে তিনি দোষী সাব্যস্ত হন।

তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মাঝে প্রতারণা এবং ইলেকট্রনিক মেইল ব্যবহার সম্পর্কিত ফৌজদারি অপরাধও রয়েছে।

লাস ভেগাসের বাসিন্দা ওয়ালেসকে ৩ লাখ ১০ হাজার মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে।

২০০৮ থেকে ২০০৯ সালের মধ্যে ফেইসবুক ব্যবহারকারীদের এসব খুদেবার্তা বা ইমেইল পাঠান তিনি। ২০১১ সালে তিনি আত্মসমর্পণ করেন।

ওয়ালেস কৌশলে ফেইসবুক ব্যবহারকারীদের লগইন আইডি ও পাসওয়ার্ড বের করতেন।  তারপর ওইসব আইডিকে অন্য ফেইসবুক ব্যবহারকারীদের কাছে স্প্যাম মেইল পাঠানোর কাজে ব্যবহার করতেন।

নিজের নিয়ন্ত্রণে থাকা ফেইসবুক আইডি থেকে অন্যদের বন্ধু হওয়ার জন্য রিকোয়েস্টও পাঠাতেন।