২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লোরিডার ঘাতকের পরিচয় শনাক্ত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সমকামীদের নৈশক্লাবে গুলি চালিয়ে অর্ধশত মানুষকে হত্যাকারীর পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2016, 10:47 PM

Updated : 11 Oct 2022, 08:21 PM

ফ্লোরিডার ফোর্ট পিয়ার্সের বাসিন্দা ওমর সিদ্দিকী মতিন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

শনিবার মধ্যরাতে ফ্লোরিডার অরল্যান্ডো শহরের পালস নৈশক্লাবে ঢুকে গুলি চালায় এক বন্দুকধারী। প্রায় তিন ঘণ্টা পর সেখানে ঢুকে হামলাকারীকে গুলি করে হত্যা করে পুলিশ।

এ ঘটনায় ৫০ জন নিহত এবং আরও ৫৩ জন আহত হন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো জায়গায় গুলিবর্ষণে সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর ঘটনা এটি।

এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন বলছে, ২৯ বছর বয়সী মতিন প্রাইভেট সিকিউরিটি গার্ড

হিসেবে কাজ করতেন। হামলার উদ্দেশ্যে একটি গাড়ি ভাড়া করে অরল্যান্ডো আসেন তিনি।

মতিন মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএসের অনুসারী হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে এফবিআই।

এ হত্যাকাণ্ডকে ‘সন্ত্রাসবাদী হামলা’ বললেও এখনও ইসলামপন্থিদের সংশ্লিষ্টতার বিষয়ে নিশ্চিত নন তদন্ত কর্মকর্তারা।

হামলাকারী আইএস বা অন্য কোনো ইসলামপন্থি জঙ্গি গোষ্ঠীর অনুসারী কি না জানতে চাইলে এফবিআই এজেন্ট রোনাল্ড হোপার রয়টার্সকে বলেন, “ওই ব্যক্তি বিশেষ কোনো আদর্শের দিকে ঝুঁকে থাকতে পারেন বলে ইঙ্গিত রয়েছে। তবে এখনই আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারছি না।”

এটা সমকামের প্রতি বিদ্বেষ না সন্ত্রাসী হামলা সেটা নিশ্চিতে এখনও কাজ চলছে বলে এফবিআই জানিয়েছে।

এফবিআই সদস্যরা মতিনের অ্যাপার্টমেন্টে তল্লাশি যাচ্ছেন বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।