অতিরিক্ত মাত্রার ওষুধে প্রিন্সের মৃত্যু
যুক্তরাষ্ট্রের পপ সুপারস্টার, গীতিকার ও সংগীতজ্ঞ প্রিন্স দুর্ঘটনাবশত ব্যথানাশক ওষুধ ফেন্টালিনের ওভারডোজের কারণে মারা গেছেন।
বিবিসি বলছে, বিশেষজ্ঞ চিকিৎসকেরা পরীক্ষা করে এই সিদ্ধান্তে এসেছেন।
মিনেসোটার মিডওয়েস্ট মেডিক্যাল এক্সামিনারের কার্যালয় থেকে দেওয়া এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।
নিজের বাড়ির লিফটে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল প্রিন্সকে। তার মৃত্যু নিয়ে নানা ধরনের জল্পনা-কল্পনা চলছিল। প্রায় একমাস পর তার মৃত্যুর কারণ সম্পর্কে এই প্রতিবেদন জানানো হল।
৫৭ বছর বয়সী প্রিন্সকে সপ্তাহে দুইবার নিয়মিতভাবে দেখে আসা চিকিৎসককে গোয়েন্দারা ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ করেছেন।
মে মাসে কর্মকর্তারা মার্কিন গণমাধ্যমকে জানিয়েছিল, প্রেসক্রিপশনে দেওয়া ব্যথানাশকের কারণেই প্রিন্সের মৃত্যু হয়ে থাকতে পারে।
যে ব্যথানাশক ওষুধের ওভারডোজের কারণে প্রিন্সের মৃত্যু হয়েছে সেটি প্রেসক্রিপশন ছাড়া কেনা যায় না। প্রিন্সের কাছে এ ওষুধ ছিল বলে মে মাসে মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, চিকিৎসক মাইকেল শুলেনবার্গ ২০ এপ্রিল তারিখে প্রিন্সকে এ ওষুধ গ্রহণ করার পরামর্শ দিয়েছিলেন।
আর একদিন পর ২১ এপ্রিল প্রিন্স মারা যান।
সাতটি গ্র্যামিজয়ী এই শিল্পীর রেকর্ড বিক্রি হয়েছে দশ কোটির বেশি। ছবি: রয়টার্স
সংগীতশিল্পী ও সুরকার প্রিন্স রজার্স নেলসন। ছবি: রয়টার্স
চলতি বছরের ২১ এপ্রিল ভোরে যুক্তরাষ্ট্রের মিনেসোটার পেইসলি পার্কে নিজের স্টুডিও কমপ্লেক্সের একটি লিফটে প্রিন্সকে মৃত অবস্থায় পাওয়া যায়।
প্রিন্সের নাম ছড়িয়ে পড়তে শুরু করে গেল শতকের আশির দশকে। তার অ্যালবাম ১৯৯৯, পারপল রেইন, ও দ্য টাইম তাকে এনে দেয় বিশ্বজোড়া খ্যাতি।
১৯৫৮ সালে জন্ম নেওয়া প্রিন্স তার গাওয়া প্রায় সব গান নিজেই লিখেছেন। মঞ্চে তার পরিবেশনা শ্রোতাদের মধ্যে যেন বিদ্যুৎ সঞ্চার করতো।
৩৫ বছরের সংগীতজীবনে রক, ফাংক, জ্যজের জগতে প্রিন্সের উদ্ভাবনী বিচরণ ভক্ত-শ্রোতাদের দিয়েছে ৩৯টি অ্যালবাম। সাতটি গ্র্যামিজয়ী এই শিল্পীর রেকর্ড বিক্রি হয়েছে দশ কোটির বেশি।
১৯৮৪ সালে ‘পার্পল রেইন’ ছবির গানের জন্য অস্কার এবং ২০০৭ সালে ‘হ্যাপি ফিট’ এর ‘সং অব দ্য হার্ট’ গানটির জন্য গোল্ডেন গ্লোব পেয়েছেন প্রিন্স।
