শ্রীলংকায় ভূমিধসে ১৬ জন নিখোঁজ
শ্রীলংকার রাজধানী কলম্বো থেকে ৭২ কিলোমিটার দূরে বুলাতকোহুপিতিয়া গ্রামে ভূমিধসে অন্ততপক্ষে ১৬ জন নিখোঁজ হয়েছেন।
বুধবার দিনের প্রথমভাগে এই ঘটনা ঘটে বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) থেকে জানানো হয়েছে।
জরুরি উদ্ধার অভিযান শুরু করার জন্য মেডিক্যাল টিমসহ উদ্ধারকারী দল সেখানে পৌঁছুলেও প্রবল বৈরি আবহাওয়ার কারণে তা বাধাগ্রস্ত হচ্ছে বলে সিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে।
ডিএমসি জানিয়েছে, ভূমিধসে ছয়সারি ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে বেশকিছু ঘর সম্পূর্ণভাবে মাটির নিচে চাপা পড়েছে।
শনিবার সন্ধ্যা থেকে দেশটিতে ভারী বৃষ্টিপাত ও প্রবল বাতাস শুরু হওয়ার পর এ পর্যন্ত ভূমিধসের তিনটি ঘটনা ঘটেছে।
