তামিল নাডুতে ৫৭০ কোটি রুপিবাহী তিনটি ট্রাক আটক
বিধানসভা নির্বাচনের দুইদিন আগে ভারতের তামিল নাডু রাজ্যে ৫৭০ কোটি রুপিবাহী তিনটি ট্রাক থামিয়ে আটকে রেখেছে দেশটির নির্বাচন কমিশন কর্তৃপক্ষ।
রুপিবাহী ট্রাকগুলো রাজ্যের তিরুপ্পুর জেলায় যাচ্ছিল বলে শনিবার জানিয়েছে এনডিটিভি।
১৬ মে পুরো রাজ্যজুড়ে বিধানসভা নির্বাচন শুরু হবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত থামিয়ে রাখা ট্রাকগুলো খোলা হয়নি। ট্রাকগুলোর চালকেরা এসব অর্থ স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার বলে দাবি করেছে। এগুলো বিজয়াওয়াদায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে তারা জানিয়েছেন।
বিষয়টি খতিয়ে দেখার জন্য দেশটির নির্বাচন কমিশন একটি তদন্ত কমিটি গঠন করেছে।
প্রধান নির্বাচনী কর্মকর্তা রাজেশ লাখোনি বলেছেন, “গাড়িগুলো জব্দ করা হয়নি এবং এগুলো খোলাও হয়নি। বৈধ কাগজপত্র পাওয়া গেলে ট্রাকগুলো শিগগিরই ছেড়ে দেওয়া হবে।”
কর্মকর্তারা জানিয়েছেন, নথিপত্রের সঙ্গে ট্রাকগুলোর নাম্বারে মিল না থাকায় সন্দেহ দেখা দিয়েছে।
মার্চে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে রাজ্যটিতে একশ কোটিরও বেশি মালিকানাহীন নগদ অর্থ জব্দ করেছে নির্বাচন কমিশন।
তামিল নাডুর নির্বাচনে অর্থের অবৈধ ব্যবহার রোধে কঠোর নজরদারি করছে ভারতীয় নির্বাচন কমিশন। এই বিষয়ে নজরদারি করতে রাজ্যটিতে বেশ কয়েকটি গোয়েন্দাদলও নিয়োগ দিয়েছে কমিশন।
এছাড়া নির্বাচন পর্যবেক্ষকদের জন্যও কিছু বিশেষ নির্দেশনা দিয়ে সেগুলো অনুসরণ করতে বলা হয়েছে।
রাজ্যটিতে অর্থের খেলা বন্ধ করে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার ঘোষণা দিয়েছে কমিশন।
আগামী ১৯ মে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে।
