বিবিসি সাংবাদিককে বহিষ্কার করল উত্তর কোরিয়া
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি’র প্রতিনিধি রুপার্ট উইংফিল্ড-হায়েসকে আটকের পর তাকেসহ তার দলের দুইজনকে বহিষ্কার করেছে উত্তর কোরিয়া।
এ দুইজন হচ্ছেন, প্রযোজক মারিয়া বিরনি ও চিত্রগ্রাহক ম্যাথ্যু গোডার্ড।
তিনজন সাংবাদিক উত্তর কোরিয়া ত্যাগ করার জন্য শুক্রবার বিমানবন্দরে পৌঁছলে সেখান থেকে তাদের আটক করা হয়।
উত্তর কোরিয়ার ভেতরের হাল হকিকত নিয়ে প্রতিবেদন রচনার কারণে অসন্তুষ্ট নেতা কিম জং উন তাদের বহিষ্কারাদেশ দেন।
উইংফিল্ড-হায়েসকে উত্তর কোরিয়া থেকে বহিষ্কারের ঘোষণা দিয়ে দেশটির কর্মকর্তা ও রায়ং বলেন, ব্রিটিশ এই সাংবাদিক তার প্রতিবেদনে “সত্য এবং বাস্তবতাকে বিকৃতভাবে উপস্থাপন করেছেন।” তাকে আর কখনও উত্তর কোরিয়ায় ঢুকতে দেওয়া হবে না।
উইংফিল্ডকে দীর্ঘ আট জেরা করার পর তাকে দিয়ে একটি মুচলেকাও লেখানো হয়েছে। দু’দিন আটকে রাখার পর সোমবার তাদেরকে বিমানবন্দরে পৌঁছে দেওয়া হয় বলে জানিয়েছে বিবিসি।
উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির বিরল বার্ষিক কংগ্রেস নিয়ে প্রতিবেদন করতেই বিবিসি’র সাংবাদিক টিম উত্তর কোরিয়ায় পাঠানো হয়েছিল।
একটি গবেষণার জন্য নোবেল পুরস্কার বিজয়ীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে সেখানে যায় বিবিসি’র ওই দলটি।
সাংবাদিক বহিস্কারের ঘটনায় হতাশা প্রকাশ করেছে বিবিসি।
ওয়ার্কার্স পার্টি কংগ্রেসের প্রতিবেদন রচনার জন্য উত্তর কোরিয়ায় এখনও ৪ জন বিবিসি সাংবাদিক আছেন। তাদেরকে নির্বিঘ্নে কাজ করতে দেওয়া হবে, এমনটিই আশা করেন বলে জানিয়েছেন বিবিসি’র মুখপাত্র।
