রুয়ান্ডায় ভূমিধসে ২৫ জনের মৃত্যু
রুয়ান্ডার উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে অন্ততপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাতে সিনহুয়া বলছে, উত্তরাঞ্চলীয় প্রদেশের গাকেনকেতে বৃষ্টির কারণে প্রায় ৩শ’ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।
রুয়ান্ডার দুর্যোগ ব্যবস্থাপনা ও শরণার্থী বিষয়ক মন্ত্রণালয়ের দুর্যোগ প্রতিরোধ ও উদ্ধার বিষয়ক বিভাগের পরিচালক ফিলিপ হাবিনসুতি সাংবাদিকদের বলেন, দুয়োগে ক্ষয়ক্ষতির পরিমাপ এখনো শেষ হয়নি। কিন্তু মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
তিনি আরো বলেন, “এখনো পর্যন্ত মাটিচাপা পড়া ২৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু আমরা এ ব্যাপারে আরো তথ্য সংগ্রহ করছি।”
ভূমিধসে মৃত্যুবরণকারীদের মধ্যে ছয়জন একই পরিবারের বলে জানা গেছে।
এই ধসের কারণে কিগালি মহাসড়ক বন্ধ হয়ে গেছে। এরফলে দেশটির উত্তর থেকে পশ্চিমাঞ্চলগামী গাড়িগুলোকে অন্য সড়কের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
২০১৩ সালেও এই জেলায় ভূমিধসের কারণে রাস্তায় প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছিল।
