২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলবার্টার দাবানল ছড়িয়ে পড়ছে, হুমকিতে সাসকাচুয়ান

কানাডার আলবার্টা প্রদেশের বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়া দাবানল আরও ছড়িয়ে পার্শ্ববর্তী সাসকাচুয়ান প্রদেশের জন্যও হুমকি হয়ে দেখা দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2016, 02:52 PM

Updated : 11 Oct 2022, 08:12 PM

রোববার বিবিসি জানিয়েছে, এই আগুনকে নিয়ন্ত্রণ করার কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন আলবার্টার প্রাদেশিক সরকার প্রধান ‘প্রিমিয়ার’ রাচেল নোটলি।

আগুন নিয়ন্ত্রণে কয়েকশত দমকলকর্মীর উদ্যোগ সত্বেও শুষ্ক, গরম ও প্রবল বাতাসের কারণে আগুন আরো ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে কর্মকর্তারা।

প্রবল বাতাস ও শুষ্ক বনভূমির কারণে ছড়িয়ে পড়া দাবানল উত্তরপূর্ব দিকে সাসকাচুয়ান প্রদেশের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তারা।

আলবার্টার ফোর্ট ম্যাকমুরে শহর দাবানলের কবলে চলে যাওয়ায় শহরটির ৮৮ হাজার বাসিন্দার অধিকাংশকে সরিয়ে নেওয়া হয়েছে।

তবে এখনো শহরটির হাজারখানেক বাসিন্দা শহরের উত্তরদিকে আটকা পড়ে আছেন এবং রোববারের আগে তাদের সরিয়ে নেওয়া সম্পূর্ণ হবে না বলে জানিয়েছেন নোটলি। 

দাবানলটি এখন চার লাখ ৯৫ হাজার একর এলাকায় ছড়িয়ে আছে, এর মধ্যে আগুনে জ্বলছে এবং আগুনে ভস্মীভূত হয়ে গেছে এমন সব এলাকাই ধরা হয়েছে। শনিবার দিন শেষে দাবানল সাত লাখ ৪০ হাজার একর এলাকায় ছড়িয়ে পড়বে বলে জানিয়েছে কর্মকর্তারা। 

শনিবার রাতে আলবার্টার জরুরি ব্যবস্থাপনা সংস্থা বলেছে, “আগুনের অবস্থা চরম হয়ে আছে।”

রোববার ও সোমবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে পূর্বাভাস দিয়েছে আবাহাওয়া বিভাগ।

গত সপ্তাহের প্রথমদিকে দাবানল ফোর্ট ম্যাকমুরে শহরে ছড়িয়ে পড়তে শুরু করলে অধিকাংশ বাসিন্দা শহরের দক্ষিণ দিকে সরে যান, কিন্তু কিছু লোক উত্তর দিকে চলে যায়। এরা শহরের বাইরে একটি শ্রমশিবিরে আশ্রয় নিয়ে আছেন।

নোটলি জানিয়েছেন, শনিবারের মধ্যে শহরটির সব বাসিন্দাকে সরিয়ে সরিয়ে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হলেও উত্তরের শিবিরটিতে কিছু লোক রয়ে গেছেন, তাদের সরিয়ে নেওয়া জন্য রোববার পর্যন্ত কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

দাবানলে শহরটির অধিকাংশ এলাকাই ভস্মীভূত হয়ে গেছে, শহরটিতে ফিরতে বাসিন্দাদের আরো কিছুদিন অপেক্ষা করে থাকতে হবে বলে সতর্ক করা হয়েছে।

বাধ্যতামূলকভাবে সবাইকে শহর ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া সত্বেও এক বৃদ্ধ ও পাঁচজনের এক পরিবারকে ফোর্ট ম্যাকমুরেতে পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

শহরটির প্রায় এক হাজার ৬০০ ঘরবাড়ি ভস্মীভূত হলেও কেউ হতাহত হয়নি বলে প্রকাশিত খবরে জানা গেছে।