২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনের বন্দর নগরীর নিয়ন্ত্রণ হারালো আল কায়েদা

গৃহযুদ্ধকবলিত ইয়েমেনের বন্দর নগরী মুকাল্লা থেকে আল কায়েদার যোদ্ধাদের হটিয়ে দিয়েছে ইয়েমেনি ও সংযুক্ত আরব আমিরাতের সেনারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Apr 2016, 10:55 AM

Updated : 12 Apr 2022, 01:55 AM

প্রায় ২ হাজার ইয়েমেনি ও আমিরাতের সেনা শহরটিতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

স্থানীয় কর্মকর্তারা এবং অধিবাসীরা জানিয়েছেন, শহরটির সমুদ্রবন্দর এবং বিমানবন্দরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর দেশটির দক্ষিণাঞ্চলীয় সমুদ্রতীরবর্তী এই শহরটির বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসিয়েছে সেনারা।

শহরটির আশপাশে সামান্য লড়াই হয়েছে। তবে আল কায়েদার জঙ্গিরা শান্তিপূর্ণভাবেই শহর ছেড়ে চলে যায়।

অধিবাসীরা জানিয়েছেন, স্থানীয় ধর্মীয় এবং গোত্রীয় নেতারা জঙ্গিগোষ্ঠীটির সঙ্গে দিনের প্রথমভাগে শান্তিপূর্ণভাবে শহর ছেড়ে যাওয়ার ব্যাপারে আলোচনা করেন। আর এরপরই আল কায়েদার জঙ্গিরা পার্শ্ববর্তী পশ্চিমাঞ্চলের শাবওয়া প্রদেশের দিকে চলে যায়।

মুকাল্লা একটি ধনী ছোট প্রদেশ। আরব উপদ্বীপের আল কায়েদা (একিউএপি) গেল বছর থেকে ৩৭০ মাইলের এই এলাকায় নিজেদের আধিপত্য ধরে রাখে।

আল কায়েদার এই গোষ্ঠীটি পশ্চিমাগামী বিভিন্ন বিমানে হামলার পরিকল্পনাকারী। গোষ্ঠীটি গেল বছর প্যারিসের শার্লি এবদু ম্যাগাজিনের কার্যালয়ে হামলার জন্যও দায়ী। মুকাল্লার বন্দর থেকে এই গোষ্ঠীটি প্রতিদিন ২০ লাখ মার্কিন ডলারের আয় নিজেদের পকেটে পুড়েছে।

একজন অধিবাসী রয়টার্সকে বলেন, “জোট বাহিনীর সাঁজোয়া যান এবং সেনাবাহিনী মুকাল্লায় প্রবেশে করেছে আর আল কায়েদার যোদ্ধারা চলে যাচ্ছে।”

উপসাগরীয় আরব জোটের বিমান থেকে রোববার শহরটিতে বোমা হামলা চালানো হয়। এতে ৩০ জঙ্গি নিহত হয়েছেন বলে অধিবাসীরা জানিয়েছেন।

স্থলবাহিনীকে শহরে প্রবেশের সুবিধা দিতেই রোববারের বিমান হামলা চালানো হয় বলে একজন ইয়েমেনি সেনা কর্মকর্তা জানিয়েছেন।