২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলিত তরুণীকে কর্মস্থল থেকে ধরে নিয়ে ধর্ষণ

ভারতের পাঞ্জাবে এক ব্যক্তি এক তরুণীকে তার কর্মস্থল থেকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে ধর্ষণ কারার এক মাস পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2016, 06:53 PM

Updated : 12 Apr 2022, 01:54 AM

পাঞ্জাবের মুক্তাসর এলাকায় ২৪ মার্চ দিনের বেলা ওই ঘটনা ঘটে। দলিত সম্প্রদায়ের ওই তরুণীকে রাস্তা দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার দৃশ্যটি একটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।

একমাস পর শনিবার অভিযুক্ত গুরজিন্দর সিং পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। 

সিসিটিভি ফু্টেজে দেখা যায়, তরুণী নিজেকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করছে এবং সাহায্যের জন্য চিৎকার করছে। গুরজিন্দর ওই তরুণীর হাত ধরে রাস্তা দিয়ে প্রায় ১০০ মিটার টানতে টানতে নিয়ে যায়। রাস্তার পাশে দোকান বা পার হয়ে যাওয়া গাড়ি থেকে কেউই ওই তরুণীকে বাঁচাতে এগিয়ে আসেনি।

তরুণীর অভিযোগ, গুরজিন্দর তাকে একটি ফার্মহাউজে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং পরদিন ছেড়ে দেয়।

পাঁচদিন পর পুলিশ এ ঘটনায় একটি মামলা দায়ের করে।

মামলার কাছে অগ্রগতি না হওয়ায় ওই তরুণী ও তার বাবা শুক্রবার ন্যাশনাল কমিশন ফর সেডুল্ড কাস্ট’র কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন।

তাদের বৈঠকের পর ওইদিনই মুক্তাসরের একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে তলব করে অভিযুক্তকে গ্রেপ্তারে দেরি হওয়ার কারণ ব্যাখ্যা করতে বলা হয়।

পরদিনই আত্মসমর্পণ করে গুরজিন্দর।

গুরজিন্দর ও ওই তরুণী একই গ্রামের বাসিন্দা এবং পরষ্পরের পরিচিত বলেও জানায় পুলিশ।