২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোয় তেলশিল্প কারখানায় বিস্ফোরণে নিহত ৩     

মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ভেরাক্রুজে একটি তেলশিল্প কারখানায় বড় ধরনের বিস্ফোরণে অন্তত তিনজন নিহত ও ১০৫ জন আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 09:30 AM

Updated : 12 Apr 2022, 01:53 AM

বুধবারের এ বিস্ফোরণের পর কারখানাটি থেকে বিষাক্ত ধোঁয়ার মেঘ ছড়িয়ে পড়তে শুরু করে, খবর বিবিসি, বার্তা সংস্থা রয়টার্সের।

বন্দর শহর কোটজাকোয়ালকোসের এ কারখানাটি মেক্সিকোর জাতীয় তেল কোম্পানি পেমেক্সের একটি অঙ্গ প্রতিষ্ঠান। দুর্ঘটনায় দেশটির তেল রপ্তানির অন্যতম প্রধান এ বন্দরটির কার্যক্রম বিঘ্নিত হয়নি বলে জানা গেছে।  

ঘটনাস্থল থেকে কয়েশত লোককে সরিয়ে নেওয়া হয়েছে এবং স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সম্প্রচারিত ফুটেজে বড় ধরনের আগুন ও বিশাল ধোঁয়ার কুণ্ডুলি দেখা গেছে।

সাম্প্রতিক বছরগুলোতে পেমেক্সের বেশ কয়েকটি শিল্পকারখানায় ধারাবাহিক বিস্ফোরণের খবর প্রকাশিত হয়েছে। 

মেক্সিকোর ফেডারেল ইমার্জেন্সি সার্ভিসের প্রধান লুয়িস ফেলিপ পুয়েন্তে রয়টার্সকে জানিয়েছেন, বিস্ফোরণে তিনজন মারা গেছেন।

পরে ভেরাক্রুজের গভর্নর জাভিয়ার দুয়ার্তে নিজের দাপ্তরিক ট্যুইটার একাউন্টে জানিয়েছেন, ১০৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এদের মধ্যে ৫৮ জন পেমেক্সের কর্মী।

এক বিবৃতিতে পেমেক্স জানিয়েছে, স্থানীয় সময় দুপুর সোয়া ৩টার দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।

বিস্ফোরণটি ১০ কিলোমিটার দূর থেকেও অনুভব করা গেছে বলে জানিয়েছেন গভর্নর দুয়ার্তে।

পেমেক্স জানিয়েছে, ঘটনার দিন সন্ধ্যার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

কারাখানাটি থেকে নির্গত ধোঁয়া বিষাক্ত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে দ্রুততার সঙ্গে ধোঁয়া নিয়ন্ত্রণ করে বিষক্রিয়ার সম্ভাবনা কমিয়ে আনা হয়েছে বলে দাবি করেছে পেমেক্স।

পেমেক্সের পেট্রোকেমিক্যাল ইউনিট ও প্লাস্টিক পাইপ উৎপাদনকারী মেক্সিকান প্রতিষ্ঠান মেক্সিকেম এর যৌথ উদ্যোগে ভিনাইল উৎপাদনের এই কারখানাটি চালু করা হয়েছিল। বিপদজনক ভিনাইল ক্লোরাইড ব্যবহার করে কারখানাটিতে পিভিসি পাইপ ও অন্যান্য প্যাকেজিং উপাদান তৈরি করা হতো।

জানুয়ারি ২০১৩-তে রাজধানী মেক্সিকো সিটিতে পেমেক্সের সদরদপ্তরে এক বড় ধরনের গ্যাস বিস্ফোরণে ৩৭ জন নিহত হয়েছিল। এর আগে ২০১২-র সেপ্টেম্বরে উত্তরাঞ্চলীয় রাজ্য টামাউলিপাসে পেমেক্সের একটি গ্যাস প্লান্টে আগুন লেগে ৩৩ জনের মৃত্যু হয়েছিল।