২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নববর্ষে ৬৩ রাজবন্দিকে মিয়ানমারের প্রেসিডেন্টের ক্ষমা

নববর্ষের প্রথম দিনে অন্তত ৬৩ জন রাজবন্দিকে রাষ্ট্রীয় ক্ষমা প্রদাণ করেছেন মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিয়াও।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2016, 06:36 PM

Updated : 12 Apr 2022, 01:51 AM

গতমাসে দেশের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর এটিই প্রেসিডেন্টের প্রথম বড় ধরনের রাজনৈতিক পদক্ষেপ বলে জানিয়েছে এনডিটিভি।

অ্যাসিস্টেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস (এএপিপি) এর পক্ষ থেকে বলা হয়, “আমাদের হাতে থাকা নথি অনুযায়ী প্রেসিডেন্টের রাষ্ট্রীয় ক্ষমার আওতায় মিয়ানমারের বিভিন্ন কারাগার থেকে ৬৩ জন রাজবন্দীকে মুক্তি দেওয়া হয়েছে।”

এই রাজবন্দীদের অনেকে সামরিক শাসনামলে গ্রেপ্তার হন।

রোববার প্রেসিডেন্টের কার্যালয় থেকে রাষ্ট্রীয় ক্ষমাপ্রাপ্ত ব্যক্তির নামের তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় ৮৩ জনের নাম আছে। তবে তাদের মধ্যে কতজন রাজবন্দি তা সুনির্দিষ্ট করে বলা নেই।

প্রেসিডেন্টের পক্ষ থেকে ফেইসবুকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, “দেশের জনগণকে খুশি ও স্বস্তি দিতে এবং নতুন বছর উপলক্ষে জাতীয় পুনর্মিলনকে উৎসাহিত করতে রাষ্ট্রীয় ক্ষমার এ উদ্যোগ নেওয়া হয়েছে।”

৩০ মার্চ প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন কিয়াও। ১৯৬২ সালের পর মিয়ানমারে তিনিই প্রথম নির্বাচিত বেসামরিক প্রেসিডেন্ট।

নববর্ষের ভাষণে প্রেসিডেন্ট কিয়াও বলেন, “আমরা রাজবন্দি, রাজনৈতিক কর্মী এবং ওইসব শিক্ষার্থী যারা রাজনৈতিক কারণে গ্রেপ্তার হওয়ার পর বিচারের মুখোমুখি হয়েছেন তাদের মুক্ত করার চেষ্টা করছি।”

এপ্রিলের মাঝামাঝিতে মিয়ানমারের ঐতিহ্যবাহী নববর্ষ উৎসব ‘থিংইয়ান’ পালন করা হয়। নববর্ষ পালনের জন্য দেশটিতে প্রায় দুই সপ্তাহ সরকারি ছুটি থাকে।

নভেম্বরের জাতীয় নির্বাচনে ইতিহাস গড়ে মিয়ানমারের ক্ষমতায় আসে অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি)।

সাংবিধানিক বাধার কারণে সু চি দেশটির প্রেসিডেন্ট হতে পারেননি। যদিও কিয়াও সু চির বাছাই করা প্রার্থী।