২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াইয়োমিং অঙ্গরাজ্যে স্যান্ডার্সের জয়

যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে দলের প্রার্থী বাছাই প্রক্রিয়ায় ওয়াইয়োমিং অঙ্গরাজ্যে ডেমক্রেট দলের ককাসে মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স জয়ী হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Apr 2016, 02:19 PM

Updated : 12 Apr 2022, 01:49 AM

শনিবারের ওই ককাসে সমান সংখ্যক ৭জন ডেলিগেটের সমর্থন আদায় করতে সক্ষম হলেও সমর্থকদের ভোটে হেরে যান এগিয়ে থাকা মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটন।

স্যান্ডার্সের এ জয় চলতি মাসের নিউ ইয়র্ক প্রাইমারির গুরুত্ব বাড়িয়ে দিয়েছে বলে বিশ্লেষকরা ধারণা করছেন। ভারমন্টের এ সিনেটর শেষ আটটি অঙ্গরাজ্যের ভোটাভুটির সাতটিতেই বিজয়ী হয়েছেন।

অবশ্য ধারাবাহিক এ পরাজয়ের পরও হিলারি  মনোনয়ন পাওয়ার জন্য প্রয়োজনীয় ২৩৮৩ ডেলিগেট সমর্থন অর্জনের পথে অনেকদূর এগিয়ে আছেন।

আসছে নভেম্বরে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে কে কোন দলের প্রার্থী হতে যাচ্ছেন তা নির্ধারণের অংশ হিসেবে রাজ্যগুলোতে প্রাইমারি ও ককাস নামের ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

হিলারি ও স্যান্ডার্স শনিবার নিউ ইয়র্কে প্রচারণা চালিয়েছেন। ১৯ এপ্রিল এখানে ডেমক্রেট দলের প্রাইমারি অনুষ্ঠিত হবে। এখানকার ২৯১ ডেলিগেটের সমর্থন পেতে দুই মনোনয়ন প্রত্যাশীই মরিয়া প্রচার চালাচ্ছেন।

ককাসের ফল ঘোষণার সময় স্যান্ডার্স কুইন্স সিটির একটি কমিউনিটি কলেজে বক্তব্য রাখছিলেন। বক্তব্যের মাঝপথে তার স্ত্রী জেন মঞ্চে উঠে স্যান্ডার্সকে বিজয়ের সংবাদ দেন।

এসময় উল্লসিত স্যান্ডার্স মাইকে ঘোষণা করেন, “সংবাদ বুলেটিন- আমরা মাত্রই ওয়াইয়োমিং জিতে নিয়েছি।”

বক্তব্য শেষে স্যান্ডার্স সাংবাদিকদের বলেন, মনোনয়ন পাওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যক ডেলিগেটের সমর্থন পাওয়ার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী।

“আমরা দ্রুতই এগিয়ে যাচ্ছি”, বলেন স্যান্ডার্স।

এইদিন হিলারি ব্রুকলিনে প্রচার চালান। যুক্তরাষ্ট্রের সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী সিনেটে এ অঙ্গরাজ্যেরই প্রতিনিধিত্ব করে আসছেন। সর্বশেষ জরিপেও স্যান্ডার্সের তুলনায় অন্তত ১০ শতাংশ ভোটে তার এগিয়ে থাকার কথা জানিয়েছে গণমাধ্যমগুলো।

ওয়াইয়োমিং অঙ্গরাজ্যে রিপাবলিকানদের প্রাইমারি গত মাসে অনুষ্ঠিত হয়। দলটির এগিয়ে থাকা মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে ওই প্রাইমারিতে অপর মনোনয়ন প্রত্যাশী ট্রেড ক্রুজ বিজয়ী হয়েছিলেন।

জুলাইয়ে রিপাবলিকান দলীয় সম্মেলনের আগে মনোনয়ন পেতে প্রয়োজনীয় সংখ্যক ডেলিগেটের সমর্থন যেন ট্রাম্প না পান সে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ক্রুজ। তার এ প্রচেষ্টা সার্থক হলে রিপাবলিকানরা জুলাইতে দলীয় কনভেনশনে নিজেদের প্রার্থী ঠিক করবেন।

সেখানে ট্রাম্পকে মনোনয়ন না দেয়া হতে পারে বলে জল্পনা-কল্পনা চলছে। ট্রাম্পের সমর্থকরা অবশ্য এ ধরণের ধারণা প্রত্যাখ্যান করেছেন। 

বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা আইপিএসওএসের সর্বশেষ যৌথ জরিপে এক তৃতীয়াংশ ট্রাম্প সমর্থক জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পকে দলের প্রেসিডেন্ট প্রার্থী করা না হলে তারা মনোনয়ন পাওয়া রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীকে বর্জন করবেন।