ট্রাম্প-ক্রুজের কাণ্ডকারখানায় সুবিধা হচ্ছে ডেমোক্রেটদের: ওবামা
অভিবাসন ও জাতীয় নিরাপত্তার মত বিষয় নিয়ে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশীদের চরমপন্থি মতাদর্শের বহিঃপ্রকাশ কার্যত ডেমোক্রেট দলের পক্ষে যাচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
রিপাবলিকান দল থেকে মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় মুসলিম ও মেক্সিকানদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের কথা বলেছেন।
সেদিকে ইঙ্গিত করে ওবামা বলেন, “ডোনাল্ড ট্রাম্প ও টেড ক্রুজের কার্যক্রম আমাদের পক্ষে যাচ্ছে বলেই আমার বিশ্বাস।”
নির্বাচনী প্রচারণায় ট্রাম্প ও ক্রুজের লাগামহীন মন্তব্য মূলধারার রিপাবলিকানদের ‘আদর্শ’ কেও ক্ষতিগ্রস্ত করছে বলে মনে করে ওবামা।
শুক্রবার একটি ‘ফান্ডরাইজিং ডিনারে’ ওবামা দাতাদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
ধনকুবের তেল ব্যবসায়ী গর্ডন ও অ্যান গেটি দম্পতির বিলাসবহুল দোতলা হলে ওবামার সঙ্গে শুক্রবারের এই ডিনারে অংশ নেওয়ার জন্য প্রতি দম্পতিকে ৩৩ হাজার ৪০০ মার্কিন ডলার দিয়ে টিকেট কিনতে হয়েছে। টিকেট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ ডেমোক্রেট দলের নির্বাচনী তহবিলে জমা দেওয়া হবে।
ট্রাম্পকে উপহাস করে ওবামা বলেন, “১০ মাসের মধ্যে আমি আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকবো না। কিন্তু যুক্তরাষ্ট্রের একজন নাগরিক হিসেবে ১০ মিনিটের মধ্যেই আমি ট্রাম্পের মতামতের বিরোধিতা করবো।”
৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
