আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্যানেল গঠন করছে পানামা
অফশোর অর্থনৈতিক শিল্পে স্বচ্ছতার মান উন্নত করতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে প্যানেল গঠনের ঘোষণা দিয়েছে পানামা সরকার।
মোস্যাক ফনসেকার ১ কোটি ১৫ লাখ গোপন নথি ফাঁস হয়ে যাওয়ার পর বিশ্বজুড়ে তোলপাড় চলার মাঝে এ দেন পানামার প্রেসিডেন্ট জুয়ান কারলোস ভ্যারেলা।
ফাঁস হওয়া নথিগুলোতে দেখা গেছে, পানামা-ভিত্তিক ল’ ফার্ম মোস্যাক ফনসেকা কীভাবে তাদের মক্কেলদের অর্থ পাচারে সহযোগিতা করেছে, নিষেধাজ্ঞা এড়ানোর এবং কর ফাঁকি দেওয়ার পথ দেখিয়েছে।
এসব পথের সুযোগ নিয়ে বিশ্বের ধনী ও ক্ষমতাবান ব্যক্তিরা কোন কৌশলে কর ফাঁকি দিয়ে গোপন সম্পদের পাহাড় গড়েছেন, কালো টাকা সাদা করেছেন, তা জেনে বিশ্বের বিভিন্ন এলাকার জনতার মাঝে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।
ফলে বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতোমধ্যেই ধনী ও ক্ষমতাশালী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। পানামার প্রেসিডেন্ট ভ্যারেলাও তদন্তে অন্যান্য দেশের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন। একইসঙ্গে আর্থিক সেবায় স্বচ্ছতা বাড়ানোর অঙ্গীকার করেন তিনি।
টেলিভিশনে দেয়া এক ভাষণে ভ্যারেলা বলেন, পানামা সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি স্বতন্ত্র কমিশন গঠন করবে । আর্থিক প্রতিষ্ঠানের কাজকর্ম যাচাই করা এবং স্বচ্ছতা আনার সুপারিশ করাই হবে এ কমিশনের কাজ।
মোসাক ফনসেকা অবশ্য দাবি করেছে গোপন নথি তাদের অফিস থেকে ফাঁস হয় নি। বিদেশ থেকে তাদের সার্ভার হ্যাক করা হয়েছে। এ বিষয়ে পানামা এটর্নি জেলারেল অফিসে অভিযোগ দায়ের হয়েছে।
মোস্যাক ফনসেকার ফাঁস হওয়া নথির সূত্রে ইতোমধ্যে আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমুন্ড ডেভিড গুনলাগসন পদত্যাগ করেছেন। রাজনৈতিক চাপের মধ্যে আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
অন্য যাদের নাম এসেছে তাদের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক ঘনিষ্ঠ বন্ধু, চীনা নেতাদের আত্মীয়-স্বজন, পাকিস্তানের প্রধানমন্ত্রীর পুত্রকন্যারা, ইউক্রেইনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো, ফুটবলার লিওনেল মেসি, বলিউড তারকা অমিতাভ বচ্চন ও ঐশ্বরিয়া রাই অন্যতম।
