২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল কমপ্লেক্সে পুলিশের গুলিতে একব্যক্তি আহত      

যুক্তরাষ্ট্রের ভূগর্ভস্থ ক্যাপিটল ভিজিটর সেন্টারে পুলিশ কর্মকর্তাদের দিকে বন্দুকের মতো কিছু একটা তাক করার পর পুলিশের গুলিতে আহত হয়েছেন এক ব্যক্তি। 

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 Mar 2016, 02:33 PM

Updated : 12 Apr 2022, 01:44 AM

সোমবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

সন্দেহভাজন ব্যক্তির নাম ল্যারি ডওসন। ৬৬ বছর বয়সী ডওসন দেশটির টেনেসি অঙ্গরাজ্যের বাসিন্দা। হাসপাতালে ভর্তি আহত ডওসনের অবস্থা অপরিবর্তিত থাকলেও সঙ্কটজনক অবস্থায় রয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে ক্যাপিটল পুলিশ। 

ঘটনাস্থলে পুলিশের গুলিতে ডওসনের পাশে থাকা এক নারীও আহত হয়েছেন। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এক সংবাদ সম্মেলনে ক্যাপিটল পুলিশের প্রধান ম্যাথিউ ভার্দেরোসা এসব কথা জানালেও হাসপাতালে ওই নারী কী অবস্থায় রয়েছেন তা প্রকাশ করেননি।

ঘটনায় কোনো পুলিশ কর্মকর্তা আঘাত পাননি বলে জানিয়েছেন তিনি। কতজন পুলিশ কর্মকর্তা ডওসনকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছিলেন তা পরিষ্কার নয় বলেও জানান তিনি।

ঘটনাস্থল থেকে একটি অস্ত্র এবং ক্যাপিটল প্রাঙ্গণে সন্দেহভাজনের গাড়িটি পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, “নিয়মিত তল্লাশি চলার সময় ওই ব্যক্তি অস্ত্রের মতো কিছু একটা বের করে পুলিশ কর্মকর্তাদের দিকে তাক করেন।”

ক্যাপিটলের পুলিশ ডওসনকে আগে থেকেই চিনত বলে জানান তিনি। অক্টোবরে কংগ্রেসে প্রতিনিধি পরিষদের অধিবেশন চলাকালে সেখানে বিঘ্ন ঘটিয়ে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। অধিবেশন চলাকালে গ্যালারি থেকে তিনি ‘আমি ঈশ্বরের প্রেরিত নবী’ বলে চিৎকার করেছিলেন।

ক্যাপিটলে বার বার আসা ডওসনকে আদালত ক্যাপিটল প্রাঙ্গণ থেকে দূরে থাকার আদেশ দিয়েছিল।

ঘটনাটিকে একটি ফৌজদারি অপরাধ হিসেবে বর্ণনা করে এর সঙ্গে সন্ত্রাসবাদের কোনো যোগ নেই বলে দাবি করেছেন ভার্দেরোসা।  

আইন প্রয়োগকারী সংস্থার এক কর্মকর্তার বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ডওসনের তাক করা অস্ত্রটি একটি খেলনা বন্দুক হতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে সেটি আগ্নেয়াস্ত্র নয়।

ডওসনের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র নিয়ে হামলা ও সশস্ত্র পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালানোর অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে ক্যাপিটল পুলিশ।