২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপান সাগরে ফের উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র

দুইদিন বিরতির পর ফের জাপান সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। এ নিয়ে একমাসের মধ্যে তিনবার ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা ঘটল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2016, 05:38 PM

Updated : 12 Apr 2022, 01:40 AM

সোমবার স্থানীয় সময় দুপুর সাড়ে ৩ টায় ( বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২ টা) উত্তর কোরিয়া জাপান সাগর লক্ষ্য করে দেশটির হামং প্রদেশ থেকে বেশ কয়েকটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়ানহাপ এবং জাপানের গণমাধ্যম খবর দিয়েছে । ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা ছিল ২০০ কি.মি’র মতো।

জাপান সরকার একদিন আগে  উত্তর কোরিয়া ফেরত ২২ নাগরিককে জাপানে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করার পর উত্তর কোরিয়া এ ক্ষেপণাস্ত্র ছুড়ল ।

জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়ার এ ক্ষেপণাস্ত্র ছুড়ার প্রতিযোগিতার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জাপান সরকার ।

গত ১৯ মার্চ সর্বশেষ উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছুড়ার পর জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের নির্দেশে দেশটির প্রতিরক্ষামন্ত্রী গেন নাকাতানি ফের নিজস্ব নিরাপত্তা বাহিনী (এসডিএফ) কে দূরপাল্লার রকেট ধ্বংস করার যন্ত্র বসাতে বলেন। সেই অনুযায়ী সেনারাও উত্তর কোরিয়ার যেকোনও ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য প্রস্তুত।

জানুয়ারিতে চতুর্থবারের মত পরমাণু অস্ত্র পরীক্ষা এবং ফেব্রুয়ারিতে দূর-পাল্লার রকেট উৎক্ষেপণের পর উত্তর কোরিয়ার ওপর নতুন করে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। যদিও দেশটি ওই নিষেধাজ্ঞার তোয়াক্কা করছে না এবং একের পর এক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে।

গত সপ্তাহে উত্তর কোরিয়ার উপর আবারও নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

জাপান উত্তর কোরিয়ার এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছে।