‘আরএসএস, সরকার ভেবেছে তারা আমাদের ভাঙতে পারবে’
দেশদ্রোহীতার মামলায় জামিনে মুক্তি পাওয়ার কয়েক ঘন্টার মধ্যে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ছাত্র উমর খালিদ তার বিরুদ্ধে গুজব ছড়ানোর জন্য ভারতের বিজেপি সরকারকে একহাত নিয়েছেন।
“নিয়মনিষ্ঠ মুসলিম হিসেবে নিজেকে তুলে ধরি না আমি, তারপরও আমার সঙ্গে একজন ইসলামি সন্ত্রাসীর মতো ব্যবহার করা হয়েছে,” শুক্রবার রাতে ক্যাম্পাসে এক বক্তৃতায় বলেছেন উমর।
এ দিন সহযোগী জেএনইউ ছাত্র অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে উমরকে দিল্লির তিহার কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
মুক্তির পর ক্যাম্পাসে উপস্থিত হয়ে দেওয়া বক্তৃতায় উমর এসব কথা বলেন। সমাবেশে শেষে উমর ও অনির্বাণের প্রতি সংহতি প্রকাশ করে কয়েকশত সমর্থক একটি মিছিল বের করেন। মিছিলে জেএনইউ এর ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমারও উপস্থিত ছিলেন।
দেশদ্রোহীতার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর উমর ও অনির্বাণ পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। ২৬ দিন আটক থাকার পর জামিনে মুক্তি পেলেন তারা।
ভারতীয় পার্লামেন্টে হামলার জন্য অভিযুক্ত হয়ে ফাঁসিতে মৃত্যুবরণকারী কাশ্মিরের স্বাধীনতাকামী আফজাল গুরুর মৃত্যুবার্ষিকী ৯ ফেব্রুয়ারিতে তারা জেএনইউ ক্যাম্পাসে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছিলেন। ওই সমাবেশে ভারত-বিরোধী শ্লোগান দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।
ওই অভিযোগের ভিত্তিতেই কানহাইয়া, উমর ও অনির্বাণসহ বেশ কয়েকজন ছাত্রনেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার মামলা হয়।
বক্তৃতায় উমর বলেন, “আমি বলতে চাই, এই সরকার ও আরএসএস মনে করেছিল তারা আমাদের ভাঙতে পারবে, আমাদের ঐক্য ও আমাদের সাহসকে ভাঙতে পারবে। তারা ভুল ভেবেছিল।”
আরএসএস এর বিরুদ্ধে উপস্থিত শিক্ষার্থীদের শ্লোগানে নেতৃত্ব দেন উমর। তিনি বলেন, “দেশদ্রোহীতার অভিযোগে কারাগারে গিয়ে আমার কোনো দুঃখ নেই।”
তিনি বলেন, “আমাদের দেশের মহান স্বাধীনতাকামী যোদ্ধারা দেশদ্রোহীতা আইনের অধীনে কারাবরণ করেছেন। আমাদের নামও তাদের সঙ্গে যুক্ত হল।
“আপনি যদি সরকারের পক্ষে থাকেন, তাহলে মত প্রকাশের স্বাধীনতায় কোনো হুমকি নেই," বলেন উমর।
