নির্বাচনী প্রচার নিয়ে প্রার্থীদের সতর্ক করলেন ওবামা
নির্বাচনী প্রচার ঘিরে সমাজে উত্তেজনা না বাড়াতে প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশীদের সতর্ক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
ওবামা বলেন, “প্রার্থীদের অন্যদের মার্যাদাহানী করার পথ অবলম্বন করা উচিত নয়। সেইসঙ্গে আমেরিকার অন্যান্য নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা অবশ্যই পরিহার করতে হবে।”
শুক্রবার শিকাগোতে বিশৃঙ্খল প্রতিবাদকারীদের তৎপরতায় রিপাবলিকান পার্টি থেকে মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্পের সমাবেশ ভুণ্ডুল হয়ে যায়। পরদিন ওহাইওতেও ট্রাম্পের সমাবেশে বিঘ্ন ঘটিয়েছে প্রতিবাদকারীরা।
ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ও অন্যান্যদের অভিযোগ, ট্রাম্পের ‘উস্কানিমূলক মন্তব্যের’ কারণেই এমন হচ্ছে।
ডালাসে শনিবার ওবামা বলেন, “দলের হয়ে কে নির্বাচন করছেন তার চাইতে কিভাবে আমরা এটি আরও ভালো করতে পারি সে বিষয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত। অপমান নয়, স্কুল বালকের মত টিটকারি নয় বা ইস্যু তৈরি করা নয়। জাতি এবং তাদের বিশ্বাসের মধ্যে বিভেদ তৈরি করাও উচিত না।”
অভিবাসন বিরোধী মন্তব্য, বিশেষ করে মেক্সিকো সীমান্তে প্রাচীর তৈরি করার প্রতিশ্রুতি এবং ইসলাম ও মুসলিম বিদ্বেষী মন্তব্য করায় দলের ভেতরে ও বাইরে সমানভাবে সমালোচিত হচ্ছেন ট্রাম্প।
সমালোচকদের অভিযোগ, ট্রাম্প দেশ ও জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করছেন।
যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে শুক্রবার রাতে শিকাগোতে টেলিভিশন বিতর্কে ট্রাম্প বলেন, “আমি বিশাল একদল মানুষের প্রতিনিধিত্ব করছি যাদের প্রচুর ক্ষোভ রয়েছে। উভয় পক্ষই ক্ষোভে ফুঁসছে।”
তবে শত সমালোচনার পরও প্রাইমারিগুলোতে ট্রাম্পের সাফল্য অসাধারণ। এখন পর্যন্ত হওয়া ২৪টি রাজ্যে প্রাইমারি ভোট হয়েছে, যেখানে ১৫টিতেই জিতেছেন নিউ ইয়র্কের আবাসন ব্যাবসায়ী ট্রাম্প।
রিপাবলিকান নেতাদের আশঙ্কা, যদি ট্রাম্পকে চূড়ান্তভাবে মনোনীত করা হয় তবে ৮ নভেম্বরের নির্বাচনে তাদের দল হেরে যাবে।
রিপাবলিকান দলের আরেক মনোনয়ন প্রত্যাশী মার্কো রুবিও বলেন, “রিপাবলিকান দল থেকে চূড়ান্ত মনোনয়ন পাওয়া প্রার্থীকে সমর্থন করার যে প্রতিশ্রুতি আমি দিয়েছি তা রক্ষা করার পথ দিন দিন কঠিন হয়ে যাচ্ছে।”
‘দাম্ভিক মন্তব্যের কারণে’ ট্রাম্পকে সমর্থন করা খুব কঠিন হয়ে গেছে বলে মনে করেন রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী জন কাসিচও।
