ভারতীয় কনস্যুলেটে হামলা: পাঁচ হামলাকারীসহ নিহত ৮
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে ভারতীয় কনস্যুলেটে হামলাকারী জঙ্গিদের সবাইকে হত্যা করা হয়েছে।
আইএএনএস এর প্রতিবেদনে, বুধবারের ওই হামলায় পাঁচ হামলাকারী ছাড়াও আরও অন্তত দুইজন বেসামরিক নাগরিক ও একজন পুলিশ নিহত হওয়ার কথা বলা হয়েছে।
অন্যদিকে, রয়টার্স চার হামলাকারী ও দুই বেসামরিক নাগরিকের নিহত হওয়ার খবর জানিয়েছে।
এ হামলায় আরও অন্তত ১৯ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।
রাজধানী কাবুল ও পূর্বাঞ্চলীয় প্রদেশে কুনারে আত্মঘাতী হামলা চালিয়ে বহু মানুষকে হত্যা ও আহত করার কয়েকদিনের মধ্যেই এ হামলা হল। এতে তালেবানের সঙ্গে থমকে পড়া শান্তি আলোচনা ফের শুরুর উদ্যোগ অনিশ্চয়তায় পড়ল।
ঘটনার বর্ণনায় স্থানীয় পুলিশ প্রধান ফজেল আহমদ শিরজাদ বলেন, “নানগরহার প্রদেশের জালালাবাদে ভারতীয় কনস্যুলেটের প্রধান ফটকের সামনে গাড়ি ভর্তি বিস্ফোরকসহ একজন আত্মঘাতী বোমা হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়।”
“বিধ্বস্ত ফটক দিয়ে আরও চার হামলাকারী কনস্যুলেট প্রাঙ্গনে প্রবেশের চেষ্টা করে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে আধঘণ্টার যুদ্ধে ওই চার হামলাকারীও নিহত হয়।”
নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাহুল্লাহ খুজিয়ানি রয়টার্সকে জানান, কন্স্যুলেট প্রাঙ্গণে ঢোকার আগেই চার হামলাকারীকে হত্যা করা হয়।
তিনি বলেন, “তাদের লক্ষ্য ছিল ভারতীয় কনস্যুলেট, কিন্তু লক্ষ্যে পৌঁছানোর আগেই আমাদের বাহিনী তাদের সবাইকে গুলি করে হত্যা করে।”
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
জানুয়ারিতে একই এলাকায় পাকিস্তানি কনস্যুলেটেও আত্মঘাতী হামলা চালিয়েছিল জঙ্গিরা। ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছিল।
রাজধানী জালালাবাদসহ নানগারহার প্রদেশে আইএসের উপস্থিতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
জানুয়ারিতে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মাজার ই-শরিফেও ভারতীয় কন্স্যুলেটে জঙ্গিরা হামলা চালিয়েছিল।
