ফুলের টানে জেলখানায়
চীনের একটি কারাগারের ভেতরে চেরি ফুলের সৌন্দর্য দেখতে ভিড় জমাচ্ছেন ব্যাপক সংখ্যক দর্শনার্থী।
বিবিসি লিখেছে, কারা কর্মকর্তাদের বাড়ির সামনের অংশে চেরি বাগানে ফুল দেখার জন্য কেউ কেউ কারাগারের দেয়াল টপকানোর চেষ্টাও করছেন।
গত বছরগুলোতে দক্ষিণাঞ্চলের শহর গুইলিনের ওই কারাগারের ভেতরে দর্শনার্থীদের প্রবেশাধিকার সহজ ছিল। কিন্তু এ বছর চেরি ফুল দেখতে হাজার হাজার মানুষের ভিড় সামলাতে কারা কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে।
দর্শনার্থীদের নিরুৎসাহিত করতে জেলখানার প্রবেশ মুখে ‘কারাগার প্রাঙ্গণ পর্যটন কেন্দ্র নয়’ শীর্ষক সঙ্কেতও ঝুলিয়ে দেয়া হয়েছে। কিন্তু তাতেও খুব একটা কাজ হচ্ছে না।
বাধ্য হয়ে জেল কর্তৃপক্ষ কারাগারের ভেতরে দর্শনার্থীদের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের চলাচলেও নিয়ন্ত্রণ আরোপ করেছে বলে স্থানীয় পত্রিকা নাঙ্গুও জাওবাও’র বরাতে বিবিসি জানিয়েছে।
কারারক্ষীরা জানিয়েছেন, গেল কয়েক বছর তারা অল্প কিছু সংখ্যক আগ্রহী দর্শনার্থীকে ভেতরে ঢোকার অনুমতি দিয়েছিলেন। কিন্তু এবছর ছড়িয়ে থাকা চেরি ফুলের ‘অভাবনীয় সৌন্দর্য, দর্শনার্থীর সংখ্যা ‘সীমার বাইরে’ নিয়ে গেছে।
কারাগারের ভেতরে চেরি ফুলের বাগান। ছবি: সাইথ চায়না মর্নিং পোস্ট
চেরি ফুলের অসামান্য সৌন্দর্য দেখতে এভাবেই কারাগারের সামনে ভিড় জমাচ্ছেন মানুষ। ছবি: সাইথ চায়না মর্নিং পোস্ট
