জাপানে পাঁচ বছরে মানুষ কমেছে ১০ লাখ
জাপানের জনসংখ্যা কিছুতেই বাড়ছে না। সরকার বেশ কিছু কার্যকর নীতি হাতে নেওয়ার পরও গত ৫ বছরে দেশটিতে ৯ লাখ ৪৭ হাজার ৩০৫ জন মানুষ কমেছে বলে দেশটির আদমশুমারির প্রতিবেদনে উঠে এসেছে।
আন্তঃসম্পর্ক ও যোগাযোগ ব্যবস্থা মন্ত্রণালয়ের এ শুমারিতে বর্তমান জনসংখ্যা ১২ কোটি ৭১ লাখ ১ হাজার ৪৭ জন। যা ২০১০ সালের আদমশুমারির চেয়ে শতকরা ৭ ভাগ কম।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা আদমশুমারির তথ্য জানিয়ে বলেছেন, গত বছরের ১ অক্টোবর দেশব্যাপী জরিপ চালানো হয়। এতে দেখা যায়, বর্তমানে পুরুষের সংখ্যা ৬ কোটি ১৮ লাখ ২৯ হাজার ২৩৭ জন, আর নারীর সংখ্যা ৬ কোটি ৫২ লাখ ৮০ হাজার ৮১০ জন।
দেশটির ৪৯ টি প্রদেশের মধ্যে ৩৯ টি প্রদেশে জনসংখ্যা হার নিম্নমুখী। তবে সবচেয়ে বেশি জনসংখ্যা কমেছে সুনামি বিধ্বস্ত ফুকুশিমা প্রদেশে। ২০১১ সালের সুনামির পর ওই অঞ্চলে মোট জনসংখ্যা প্রায় ৫ দশমিক ৬ শতাংশ কমেছে। এছাড়াও, ইয়াতে ও মিয়াগি প্রদেশেও উল্লেখযোগ্য হারে মানুষ কমেছে।
তবে এবারের আদমশুমারির খবর অনুযায়ী, রাজধানী টোকিও, ওকিনাওয়া, আচিসহ আটটি প্রদেশে জনসংখ্যা বেড়েছে।
জাপানে ৮০ বছরের উর্ধ্বে প্রায় ১ কোটি মানুষ বাস করে। এ দেশের জনসংখ্যার দুই তৃতীংয়াশই বৃদ্ধ। বয়স্ক মানুষের সংখ্যা বাড়ার কারণে দেশটিতে অর্থনৈতিক অচলাবস্থা এবং স্বাস্থ্যখাতে সরকারের ব্যয় বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
১৯২০ সাল থেকে চলে আসা জাপানি আদিমশুমারী অনুযায়ী, বিয়ের প্রতি অনীহা ও অন্যান্য চাপের কারণে জনসংখ্যার হার নিম্নমুখী হচ্ছে।
গত শতাব্দীতে জাপানের জনসংখ্যা স্বাভাবিক গতিতে বাড়লেও সম্প্রতি কয়েক দশক ধরে দেশটিতে জনসংখ্যা দ্রুতগতিতে কমে এসেছে।
গত আদমশুমারিতে দেখা গেছে, জাপানের জনসংখ্যা বৃদ্ধি পুরোপুরি থেমে গেছে। আর শুক্রবার প্রকাশিত আদমশুমারির তথ্যে প্রথমবারের মত জনসংখ্যার নিম্নহার দেখা গেল।
আগামী কয়েক দশকে দেশটিতে দ্রুত কর্মক্ষম মানুষের সংখ্যা কমা এবং বয়স্ক মানুষের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন গবেষকরা।
সরকারি প্রকল্পের তথ্য অনুযায়ী, ২০৬০ সাল নাগাদ জাপানের মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশের বয়স ৬৫ বা তার বেশি হবে। আর সাধারণ মানুষের সংখ্যা এখনকার চেয়েও এক-তৃতীয়াংশ কমবে।
চাইল্ডকেয়ার ও ট্যাক্স ইনসেনটিভসহ আরও বেশ কিছু সুবিধা দেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী শিনজো আবে জাপানে জন্মহার বাড়ানোর চেষ্টা করে যাচ্ছেন।
দেশটিতে সন্তান জন্মের পর থেকে ১২ বছর পর্যন্ত সরকার কিছুটা ভর-পোষণের দায়িত্ব নেয়। প্রতি মাসে সরকারের কোষাগার থেকে অর্থ যায় একাজে।
সরকার বিয়েতে উৎসাহ যোগাতে বেশ কিছু পদক্ষেপও গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী শিনজো আবের ঘোষণা অনুযায়ী, দেশটিতে শিশু জন্মহার ১ দশমিক ৪ থেকে ১ দশমিক ৮ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
