শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি সিরিয়ার বিরোধীদলগুলো
সিরিয়া সরকার ও এর মিত্রদেশগুলো কয়েকটি শর্ত মানলে সাময়িকভাবে যুদ্ধবিরতিতে রাজি বলে জানিয়েছে সিরিয়ার বেশ কয়েকটি বিরোধী দল।
এ শর্তগুলোর মধ্যে রয়েছে, সিরিয়ায় রাশিয়ার বিমান হামলা বন্ধ করা। অবরোধ তুলে নেওয়া এবং দেশব্যাপী ত্রাণ সরবরাহের অনুমতি দেওয়া।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষ হয়ে গত সেপ্টেম্বর থেকে দেশটিতে বিমান হামলা চালিয়ে আসছে রাশিয়া। এতে করে আসাদের বিরুদ্ধে সিরীয় বিদ্রোহী ও বিরোধীপক্ষকে সহায়তা করে আসা যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা হতাশ হয়ে পড়ছে।
শনিবার সিরিয়ার বেশ কয়েকটি বিরোধী দল আন্তর্জাতিক মধ্যস্থতার মধ্য দিয়ে সাময়িকভাবে যুদ্ধবিরতি করা সম্ভব বলে এতে রাজি থাকার আভাস দেয়। কিন্তু এর জন্য জাতিসংঘকে সিরিয়ায় রাশিয়া, ইরান এবং অন্যান্য মিলিশিয়া গোষ্ঠীর হামলা বন্ধের নিশ্চয়তা দিতে হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে হাই নেগোশিয়েশনস্ কমিটি।
সিরিয়া শান্তি আলোচনা সংশ্লিষ্ট এক কর্মকর্তা শনিবার জানান, সিরিয়ার বিরোধীপক্ষ দুই থেকে তিন সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি আছে।
কিন্তু রাশিয়ার অবিলম্বে বিমান হামলা বন্ধ করার সম্ভাবনা নেই। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলে দিয়েছেন, রাশিয়া সিরিয়ার সশস্ত্র বাহিনীকে সমর্থন ও সহযোগিতা করে যাওয়ার ব্যাপারে অটল রয়েছে।
