‘ইউরোপীয় ইউনিয়নে বিশেষ মর্যাদা পাবে ব্রিটেন’
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের সঙ্গে স্বাক্ষরিত একটি চুক্তি যুক্তরাজ্যকে ইইউ-য়ে ‘বিশেষ মর্যাদা’ দিবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
এ কারণে এ ইউনিয়নে যুক্তরাজ্যকে ধরে রাখতে তিনি ‘প্রাণপণ’ চেষ্টা করবেন বলেও জানিয়েছেন, খবর বিবিসির।
ইইউ-র সদরদপ্তর ব্রাসেলসে এক শীর্ষ বৈঠকে দুই দিনব্যাপী আলোচনার পর শুক্রবার রাতে সমঝোতা চুক্তিটি হয়।
২৮ দেশের জোট ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাজ্য থাকবে কি না, তা আসছে জুনে এক গণভোটের মাধ্যমে নির্ধারিত হওয়ার কথা রয়েছে। যুক্তরাজ্যকে জোটে ধরে রাখতে ইইউ-র নেতারা বিভিন্ন প্রস্তাব সম্বলিত একটি প্যাকেজের বিষয়ে সর্বসম্মতভাবে রাজি হন।
যুক্তরাজ্য ইইউ থেকে বেরিয়ে গেলে বিপর্যয়ের মুখে পড়বে জোটটি।
চুক্তির প্রস্তাবে কল্যাণ তহবিলে চাঁদা দেওয়া থেকে যুক্তরাজ্যকে সাত বছরের ‘জরুরি ছাড়’ দেওয়ার প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন ক্যামেরন।
আলোচনায় তার প্রধান শর্তগুলোর প্রায় সবই মেনে নেওয়া হয়েছে জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, শনিবার মন্ত্রীসভায় চুক্তিটি পাশ করার জন্য পেশ করবেন তিনি।
ইইউ-য়ে যুক্তরাজ্যের থাকা/না থাকার পক্ষ-বিপক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চলছে। স্বাক্ষরিত চুক্তিটি এই প্রচারণায় জোটে থাকার পক্ষে নতুন আশা সঞ্চার করবে বলে ধারণা করা হচ্ছে।
তবে ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে প্রচারণাকারীরা চুক্তিটিকে ‘অন্তঃসারশূণ্য’ বর্ণনা করে এতে ভোটের ফলাফলে ‘তেমন একটা প্রভাব পড়বে না’ বলে দাবি করেছে।
চুক্তিতে ইইউ-তে যুক্তরাজ্যের সদস্যপদের বিষয়টি পুনর্মূল্যায়ন করা হয়েছে বলে ঘোষণা করেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক।
এক ট্যুইট করেন, “চুক্তি। #ইউকেইনইইউ-র জন্য নতুন মর্যাদা সর্বসম্মতি পেয়েছে।”
এই চুক্তির ফলে যুক্তরাজ্যের জন্য ইইউ-র সদস্যপদে থাকা/না থাকা নিয়ে গণভোটের আয়োজনের পথ খুলে গেল। ২০১৭ সালের শেষ দিকে গণভোটটি আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিল দেশটি, কিন্তু চলতি বছরের জুনেই গণভোটটির আয়োজন করা হবে বলে ধারণা করা হচ্ছে।
