২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেখক হার্পার লি আর নেই

আমেরিকান সাহিত্যের অন্যতম আলোচিত নাম ও ‘টু কিল আ মকিংবার্ড’ বইয়ের লেখক সাহিত্যিক হার্পার লি মারা গেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2016, 11:16 AM

Updated : 20 Aug 2022, 11:54 AM

শুক্রবার ৮৯ বছর বয়সে অ্যালাব্যামার মোনরোভিলের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি, খবর বিবিসি, বার্তা সংস্থা রয়টার্সের।

লি-র আইনজীবী তোনজা কার্টার এক বিবৃতিতে বলেন, “আজ সকালে ঘুমের মধ্যেই আমাদের ছেড়ে চলে গেছেন লি।”

তার শেষকৃত্য ‘ব্যক্তিগতভাবে’ করা হবে জানানো হলেও কোনো তারিখ ঘোষণা করা হয়নি।

মৃত্যুর আগে কয়েক দশক ধরে তিনি বিচ্ছিন্ন জীবনযাপন করছিলেন।

‘টু কিল আ মকিংবার্ড’ মার্কিন সাহিত্যের এক অমরকীর্তি হয়ে আছে। ধর্ষণের অভিযোগ থেকে এক কালো মানুষকে রক্ষায় শ্বেত আইনজীবীর লড়াইয়ের গল্প তুলে ধরা হয়েছে উপন্যাসটিতে।

৫৫ বছর আগে প্রথম প্রকাশিত হওয়ার পর থেকে উপন্যাসটির চার কোটিরও বেশি কপি বিক্রি হয়েছে। ২০১৫ সালে ‘মকিংবার্ড’ উপন্যাসের ‍সিক্যুয়েল ‘গো সেট আ ওয়াচম্যান’ প্রকাশিত হয়।

খ্যাতি সত্বেও লি গণমাধ্যম এড়িয়ে চলতেন, তার প্রকাশিত সাক্ষাৎকারের সংখ্যা বিরল। 

২০০৭ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ লি-কে ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ পুরস্কারে ভূষিত করেন।

১৯২৬ সালে অ্যালব্যামার মোনরোভিলে জন্মগ্রহণ করেছিলেন তিনি। আইনজীবী পিতা-মাতার চার সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন।

১৯৬০ সালে মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের উত্তুঙ্গু সময়ে তার বিখ্যাত উপন্যাস ‘টু কিল আ মকিংবার্ড’ প্রকাশিত হয়।

লাজুক স্বভাবের লি অবিবাহিত ছিলেন। তিনি শান্ত ও নিরিবিল জীবনযাপন করতেন। অধিকাংশ সময়ই সাক্ষাৎকারের অনুরোধ প্রত্যাখ্যান করতেন।

নিউ ইয়র্কের একটি অ্যাপার্টমেন্ট এবং মোনরোভিলের নিজ বাড়িতেই তার অধিকাংশ সময় কাটতো। পক্ষাঘাতে আক্রান্ত হওয়ার পর তার দৃষ্টি ও শ্রবণ ইন্দ্রিয়ে সমস্যা দেখা দেয়। জীবনের শেষ বছরগুলো তিনি মোনরোভিলেই কাটান।

‘টু কিল আ মকিংবার্ড’ উপন্যাস অবলম্বনে তৈরি একই নামের চলচ্চিত্রটিও ক্লাসিক সিনেমার মর্যাদা পেয়েছে। সিনেমাটি ১৯৬৩ সালের সেরা চলচ্চিত্র হিসেবে অস্কার পুরস্কার অর্জন করে, আর প্রধান চরিত্র শ্বেত আইনজীবী অ্যাটিকাসের চরিত্রে রূপদানকারী অভিনেতা গ্রেগরি পেক পান সেরা অভিনেতার পুরস্কার।

অ্যাটিকাস চরিত্রে অভিনয়ের সূত্রে পেক ও লি ভালো বন্ধুতে পরিণত হয়েছিলেন।