ক্যান্সার চিকিৎসায় ‘বৈপ্লবিক’ অগ্রগতি
ক্যান্সার চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসার মতো এক ধরনের পদ্ধতি বের করার দাবি করেছেন বিজ্ঞানীরা।
ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের জন্য দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা পুনরুজ্জীবিত করার এক থেরাপি বের করেছেন তারা। ৯০ ভাগেরও বেশি রোগীর ক্ষেত্রে এ চিকিৎসায় সাফল্য পাওয়ার পর বিষয়টি নতুন আশার সঞ্চার করেছে।
এ পদ্ধতিতে লিউকেমিয়ায় আক্রান্ত রোগীর শরীর থেকে শ্বেতকনিকা সংগ্রহ করে গবেষণাগারে তা পরিবর্তনের মাধ্যমে সেগুলো পুনরায় রোগীর দেহে প্রবেশ করানো হয়।
বিবিসি জানায়, গবেষকরা ক্যান্সার আক্রান্ত রোগীদের রক্তের মধ্যে থাকা টি-সেল (শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থায় অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সেল) এর জিনগত পরিবর্তন করে সেগুলো পুনরায় রোগীর শরীরে প্রবেশ করান। এরপর টি-সেল আবার তার স্বাভাবিক কাজ শুরু করে এবং ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করে ফেলতে থাকে।
অধ্যাপক রিডল বিবিসি’কে বলেন, “মূলত এ পদ্ধতিতে যেভাবে কাজ করা হয় তা হল, টি-সেলগুলোকে জিনগত ভাবে পরিবর্তন করা, যাতে সেগুলো আবার টিউমার সেল খুঁজে বের করে সেগুলো ধ্বংস করতে পারে।”
“লিউকেমিয়ায় আক্রান্ত যেসব রোগী জীবনের শেষ পর্যায়ে রয়েছে এবং কোনো চিকিৎসাই আর তাদের উপর কাজ করছে না, তখন এ থেরাপির একটি ডোজ ৯০ শতাংশের বেশি রোগীর ইমিউন সিস্টেম পুনরুজ্জীবিত করতে সক্ষম হয়েছে।”
তবে বিশেষজ্ঞরা গবেষণাগারে এ পরীক্ষার ফল খুবই চমকপ্রদ বলে অভিহিত করলেও বিষয়টি নিয়ে গবেষণা এখনও ‘প্রাথমিক পর্যায়ে’ বলে জানিয়েছেন।
এ সংক্রান্ত প্রতিবেদন এখনও প্রকাশ ও মূল্যায়ন হয়নি। সেইসঙ্গে এ গবেষণায় অংশ নেওয়া দুইজনের শরীরে বিপরীত প্রতিক্রিয়াও হয়েছে।
