২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি নিয়োগ: ওবামার বিরুদ্ধে একাট্টা হচ্ছে রিপাবলিকানরা

সুপ্রিম কোর্টে নতুন বিচারপতি নিয়োগ নিয়ে সরগরম হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের রাজনীতি। প্রেসিডেন্ট বারাক ওবামা যাতে শিগগিরই প্রয়াত বিচারপতি আনতনিন স্কালিয়ার উত্তরসূরি নিয়োগ করতে না পারেন সেজন্য শক্তিশালী অবস্থান নিয়ে একজোট হচ্ছে রিপাবলিকান শিবির।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2016, 07:22 PM

Updated : 12 Apr 2022, 01:26 AM

গত শনিবার সুপ্রিম কোর্টের ‘রক্ষণশীল’ হিসাবে পরিচিত বিচারপতি স্কালিয়ার আকস্মিক মৃত্যুর পর দুই রাজনৈতিক শিবিরে বিতর্ক সৃষ্টি হয়।

প্রেসিডেন্ট ওবামা শিগগিরই শূন্যপদ পূরণের উদ্যোগ নিতে চান। কিন্তু এর বিরোধিতা করছে রিপাবলিকান শিবির। তারা বলছেন, আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের পরই বিচারপতির শূন্যপদটি পূরণ করা হোক।

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে বর্তমান আটজন বিচারপতির মধ্যে চারজন রক্ষণশীল ও চারজন উদারনৈতিক হিসেবে পরিচিত। নতুন বিচারপতি নিয়োগ দেওয়া হলে কোর্টে বিচারপতির এই ভারসাম্যে হেরফের হতে পারে। উপরন্তু নির্বাচনের বছর হওয়ায় বিচারপতি নিয়োগের বিষয়টি রাজনৈতিক দিক থেকেও বেশ গুরুত্ব পাচ্ছে।

প্রেসিডেন্ট ওবামা বলছেন, ‘বিচারপতি নিয়োগ কোনো দলের বিষয় নয়। নির্দিষ্ট সময়ে শূন্যপদে একজনকে নিয়োগ প্রেসিডেন্টের সাংবিধানিক দায়িত্ব।’

রিপাবলিকানরা চায়, রক্ষণশীল ধারার কেউ শূণ্য পদে আসুক। কিন্তু ওবামা এ পদে উদারনৈতিক বা মধ্যপন্থি কোনও বিচারপতিকে মনোনয়ন দিতে পারেন এ আশঙ্কায় রিপাবলিকানরা তাকে  ঠেকাতে চাইছে। আগামী জানুয়ারিতে ওবামার উত্তরসূরি দায়িত্ব না নেওয়া পর্যন্ত তারা বিচারপতি নিয়োগের তীব্র বিরোধিতা করবে বলে জানিয়েছে।

এবছর নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হলেও প্রেসিডেন্ট ওবামা ক্ষমতায় থাকবেন আগামী বছর ২০ জানুয়ারি পর্যন্ত। এ সময়ের মধ্যে ওবামার বিচারপতি নিয়োগের  পূর্ণ অধিকার থাকলেও রিপাবলিকান সিনেটররাসহ দলটি থেকে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরাও তার বিরুদ্ধে সরব হয়েছেন।