ফুকুশিমার তেজস্ক্রিয়তায় ১৬ শিশুর ক্যান্সার
জাপানে প্রায় পাঁচ বছর আগে ঘটে যাওয়া ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি থেকে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয়তায় আক্রান্ত হয়ে ১৬ শিশুর দেহে ক্যান্সার ধরা পড়েছে।
এছাড়া, একই ধরনের রোগে আক্রান্ত হয়েছে আরও ৩৫ শিশু। ফুকুশিমা প্রদেশের সরকারের এক পর্যবেক্ষণ দল এ তথ্য জানিয়েছে।
দলটির প্রধান এবং ফুকুশিমা মেডিকেল অ্যাসোসিয়শনের সদস্য হকুতো হুসি বলেন, ২০১১ সালের ভয়াবহ ভূমিকম্পে সৃষ্ট সুনামির পর থেকে আমরা ওই এলাকার শিশুদের ওপর জরিপ চালাই। একইসঙ্গে পর্যবেক্ষণে রাখা হয় শিশুদের।
প্রতিনিয়ত প্রায় তিন লাখ শিশুর স্বাস্থ্য পরীক্ষা শেষে ৫১ জনের দেহে উচ্চমাত্রার তেজস্ক্রিয়তা ধরা পড়েছে। এদের মধ্যে ১৬ শিশু থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হয়েছে।
গত বছর অক্টোবরে তেজস্ত্রিয়তায় আক্রান্ত হন ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এক কর্মী।
ফুকুশিমা মেডিকেল অ্যাসোসিয়শনের সদস্য হকুতো হুসি আরও বলেন, আমরা অনেকটা নিশ্চিত যে, আক্রান্ত শিশুদের দেহে ২ দশমিক১ মিলিসিভার্ট তেজস্ক্রিয়তা ধরা পড়েছে। সহনীয় মাত্রায় যেটি হওয়ার কথা ১ মিলিসিভার্ট। ফুকুশিমা পারমাণবিক চুল্লি থেকে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয় পদার্থ এই থাইরয়েড ক্যান্সারের কারণ।
পর্যবেক্ষণ দলটির দ্বিতীয় সমীক্ষা এটি। দলটি এর আগে গত বছর নভেম্বরে প্রাথমিকভাবে ১১৬ জন শিশুর থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত খবর দিলেও এবার তা চুড়ান্ত পর্যায়ের বলে তারা জানিয়েছে।
২০১১ সালের মার্চে ভয়াবহ সুনামিতে জাপানের ব্যপক ক্ষয়ক্ষতি হয়। প্রাণহানির ঘটনাও ঘটে। দীর্ঘ ৪ বছরের অধিক সময় ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ চুল্লি বন্ধ থাকলেও গত বছর ফের তা চালু হয়েছে। একইভাবে চালু হয়েছে বন্ধ থাকা আরও ৪ পারমাণিবক চুল্লি।
