২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিব্বতি ধর্মগুরুকে হত্যায় চীনে দুজনের মৃত্যুদণ্ড

বিশিষ্ট তিব্বতি এক ধর্মগুরুকে হত্যার দায়ে চীনে দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Feb 2016, 03:59 PM

Updated : 12 Apr 2022, 01:20 AM

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।

২০১৩ সালে চোজে আকোং টুলকু রিনপোচি নামের ওই ধর্মগুরুকে চীনের একটি শহরে হত্যা করা হয়েছিল।

এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া গভীরভাবে পর্যবেক্ষণ করছিল গণমাধ্যমগুলো।  

নির্বাসিত ধর্মগুরু রিনপোচি স্কটল্যান্ডে বসবাস করতেন। পরবর্তী সময়ে তিনি ব্রিটিশ নাগরিকত্ব লাভ করেন। পশ্চিম গোলার্ধের অনুসারীদের মধ্যে তিব্বতি ধারার বৌদ্ধধর্ম শিক্ষা দেওয়া প্রথম ধর্মগুরুদের মধ্যে তিনি অন্যতম।

২০১৩ সালের অক্টোবরে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চেংদু শহরে রিনপোচি, তার ভাতিজা ও তার গাড়িচালক হত্যাকাণ্ডের শিকার হন। আর্থিক বিরোধের জেরে তাদের হত্যা করা হয় বলে দাবি পুলিশের। 

রোববার সিনহুয়ায় প্রকাশিত এক বিবৃতিতে চেংদু ইন্টারমিডিয়েট কোর্ট জানায়, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে থুবটেন কুনসাল ২০০২ থেকে ২০১১ সাল পর্যন্ত ব্রিটেনে আকোং রিনপোচির ধর্মশালায় একজন চিত্রশিল্পী হিসেবে কাজ করতেন।

রিনপোচির কাছে বেতনের ২৭ লাখ ইউয়ান পাওনা ছিল বলে দাবি কুনসালের। পাওনা টাকার দাবি নিয়ে রিনপোচির চেংদুর বাড়িতে সঙ্গী সেরিং পালজোরকে নিয়ে গিয়েছিলেন কুনসাল।

কিন্তু টাকা নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে ওই তিনজনকে ছুরিকাঘাতে হত্যা করেন কুনসাল ও পালজোর।

হত্যাকাণ্ডের দায়ে এদের দুজনকেই মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। অপরদিকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি লুকিয়ে রাখায় তৃতীয় আরেক ব্যক্তিকে তিন বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আইনজীবী দাবি করেছেন, তার মক্কেলরা পূর্বপরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি ঘটাননি, তাই মৃত্যুদণ্ড তাদের প্রাপ্য নয়।

এই দাবি খারিজ করে আদালত বলেছে, আসামীদের কৃতকর্ম অত্যন্ত ‘গুরুতর’, তাই মৃত্যুদণ্ডই তাদের প্রাপ্য।

কোনো প্রমাণ না থাকলেও এ্ই হত্যাকাণ্ডের পেছনে ‘রাজনৈতিক ছক’ থাকার সন্দেহ প্রকাশ করেছেন অনেক নির্বাসিত তিব্বতি।