‘গুপ্তচর’ সন্দেহে আটক শকুনের মুক্তি
গুপ্তচরবৃত্তিতে ব্যবহৃত হচ্ছে সন্দেহে আটক একটি শকুনকে মুক্তি দিয়েছে লেবানন।
বিবিসি বলছে, ইসরায়েল ওই পাখিটিকে গুপ্তচরবৃত্তিতে ব্যবহার করছে না এই বিষয়ে নিশ্চিত হওয়ার পর জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর হস্তক্ষেপে বিশাল ওই পাখিটি মুক্তি পায়।
শকুনটির পাখার দৈর্ঘ্য ৬ ফুট ৫ ইঞ্চি। ইসরায়েল থেকে পাখিটি সীমান্ত অতিক্রম করে লেবাননে প্রবেশ করার পর মঙ্গলবার দেশটির বিনত জিবেইলের গ্রামবাসীরা একে ধরে ফেলে।
শকুনটির লেজে একটি ট্র্যাকিং ডিভাইস সংযুক্ত থাকায় একটিকে গুপ্তচরবৃত্তিতে ব্যবহার করা হচ্ছে বলে সন্দেহের সৃষ্টি হয়।
মধ্যপ্রাচ্যে পাখি সংরক্ষণ প্রকল্পের অংশ হিসেবে শকুনটিকে স্পেন থেকে নিয়ে আসা হয়েছিল।
ইসরায়েল অধিকৃত গোলান হাইটসের গামলা নেচার রিজার্ভে একমাস আগে ছেড়ে দেয়া হয় বলে বন্যপ্রাণী কর্মকর্তারা জানিয়েছেন।
তেল আবিব ইউনিভার্সিটি এই পাখিটিকে অনুসরণ করছিল। যে কারণে পাখিটির লেজে একটি জিপিএস ট্রান্সমিটার সংযুক্ত করে দেয়া হয়। বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে বলা হয়, পাখিটির পায়ে একটি ধাতব রিংও ছিল।
শকুনটি লেবাননের গ্রামে ধরা পড়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি বন্যপ্রাণী কর্মকর্তাদের নজরে আসে।
শকুনটি লেবাননের গ্রামে ধরা পড়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি বন্যপ্রাণী কর্মকর্তাদের নজরে আসে। ছবি: আরব মিডিয়া
লেবাননের গণমাধ্যম জানিয়েছে, শকুনটি গুপ্তচরবৃত্তিতে ব্যবহৃত হচ্ছে না এই ব্যাপারে নিশ্চিত হওয়ার পর এটিকে ছেড়ে দেয়া হয়।
তবে পাখিটি দুর্বল হয়েছে পড়েছে এবং সামান্য আহত হওয়ায় চিকিৎসা দেয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ গুপ্তচর বৃত্তিতে ব্যবহার করছে সন্দেহে শকুন ধরার ঘটনা এটাই প্রথম নয়।
সৌদি আরবেও এমন অভিযোগে একবার শকুন ধরা হয়েছিল। তবে ইসরায়েলি কর্মকর্তারা সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন।
