২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুতিন ‘দুর্নীতিগ্রস্ত’, দাবি মার্কিন রাজস্ব বিভাগের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দুর্নীতিপরায়ণ বলে মনে করে যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2016, 12:57 PM

Updated : 12 Apr 2022, 01:18 AM

বিবিসির এক অনুসন্ধানে মার্কিন রাজস্ব বিভাগ এই কথা বলেছে।

ইতোমধ্যেই পুতিনের সহযোগীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র সরকার। কিন্তু এবারই প্রথমবারের মতো দুর্নীতির অভিযোগে পুতিনকে সরাসরি অভিযুক্ত করার কথা বিবেচনা করছে দেশটি।

পুতিনের মুখপাত্র বিবিসিকে বলেছেন, “এসব ইস্যু বা প্রশ্নের জবাব দেওয়ার কোনো দরকার নেই, কারণ এগুলো পুরোপুরি বানানো গল্প।”

যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগের বৈদেশিক নিষেধাজ্ঞার বিষয়গুলোর তদারককারী অ্যাডাম জুবিন বিবিসি প্যানারোমাকে জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ‘দুর্নীতিগ্রস্ত’ এই বিষয়টি যুক্তরাষ্ট্র সরকার ‘অনেক, অনেক বছর’ আগে থেকেই জানত।

তিনি বলেন, “তাকে তার বন্ধুদের, ঘনিষ্ঠ মিত্রদের ধনী বানাতে দেখেছি আমরা; আর যাদের বন্ধু হিসেবে মনে করেননি তাদের কোণঠাসা করেছেন। এসব করতে রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করেছেন তিনি।”

“রাশিয়ার জ্বালানি সম্পদ হোক বা রাষ্ট্রীয় অন্যান্য ঠিকাদারি হোক, সেগুলো তাদের দেন যারা তার পক্ষে কাজ করবেন বলে মনে করেন তিনি, আর অন্যদের বাদ দেন। আমার কাছে, এটি দুর্নীতির একটি নমুনা,” বলেন জুবিন।

২০১৪ সালে যুক্তরাষ্ট্র সরকার ক্রেমলিনের ঘনিষ্ঠ উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে এবং জ্বালানি খাতে পুতিনের গোপন বিনিয়োগ আছে বলে ঘোষণা করে। ওই সময় যুক্তরাষ্ট্র সরাসরি পুতিনকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করেনি। 

পরে নিষেধাজ্ঞার পরিধি আরো বিস্তৃত করে আরো ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে তা আরোপ করা হয়।

ইউক্রেইনের ক্রিমিয়া অঞ্চলকে রাশিয়ার সীমান্তভুক্ত করে নেওয়াকে কেন্দ্র করে ওই সময় ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করে।

যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা প্রেসিডেন্ট পুতিনের সম্পদের বিষয়ে কথা বলতে উৎসাহ না দেখালেও বিষয়টি নিয়ে বিবিসি প্যানারোমার অনুসন্ধানের বিষয়ে অংশ নিতে রাজি হন জুবিন।

তবে পুতিনের সম্পদের বিষয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র গোপন প্রতিবেদনের ওপরে কোনো মন্তব্য করেননি তিনি।

২০০৭ সালে সিআইএ-র ওই প্রতিবেদনে বলা হয়েছিল, পুতিনের প্রায় ৪০ বিলিয়ন ডলারের সম্পদ আছে।