২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড় ধরনের জঙ্গি হামলার মুখে ইউরোপ

প্যারিসে গত নভেম্বরের হামলার মতো ইউরোপজুড়ে নতুন করে ইসলামিক স্টেট (আইএস) ও অন্যান্য জঙ্গি দলগুলোর আরও বড় ধরনের হামলায় আশঙ্কার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পুলিশ সংস্থা ইউরোপোল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2016, 10:09 PM

Updated : 12 Apr 2022, 01:17 AM

যে ধরনের আশঙ্কার কথা এর আগেও জানিয়েছিলেন ইউরোপীয় দেশগুলোর ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা।

ইইউ রাষ্ট্রগুলোর নিরাপত্তা সংস্থাগুলো আট সপ্তাহ আগে আলাপ-আলোচনা করে যে উপসংহার টেনেছিল তার ওপর ভিত্তি করেই এক প্রতিবেদনে ইউরোপোল এ আশঙ্কার কথা জানায়।

৮ পাতার এ প্রতিবেদনে বলা হয়েছে, আরও জঙ্গি হামলা হতে পারে খুব শিগগিরই।

ফ্রান্সের রাজধানী প্যারিসে হামলার ঘটনাই আইএস জঙ্গি গোষ্ঠীটির বিশ্বব্যাপী হামলা চালানোর বৃহত্তর কৌশলের ইঙ্গিত দিচ্ছে। এর মধ্যে সুনির্দিষ্টভাবে তারা ফ্রান্সে হামলা চালিয়েছে। কিন্তু ইইউ এর অন্যান্য সদস্যদেশগুলোতেও তাদের অচিরেই হামলা চালানোর আশঙ্কা আছে।

প্রতিবেদনে বলা হয়, আইএস বা আইএস-সংশ্লিষ্ট সন্ত্রাসী গোষ্ঠী কিংবা ধর্মীয় আদর্শে উজ্জীবিত অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হামলার আশঙ্কার সব কারণই বিদ্যমান। এককভাবে জঙ্গি হামলার পাশাপাশি জঙ্গি গ্রুপগুলোর হামলার আশঙ্কা এতটুকুও কমেনি।

ইউরোপোলে নতুন ইউরোপীয় সন্ত্রাস বিরোধী কেন্দ্র চালুর উদ্বোধনী বক্তব্যে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির পরিচালক রব ওয়াইনরাইট বলেন, “ইউরোপে হামলা চালানোর ইচ্ছা এবং সক্ষমতা দুইই আইএস এর আছে।”

প্যারিসে জঙ্গি হামলার পরও ওয়াইনরাইট ইউরোপজুড়ে এরকম আরও হামলা হওয়ার ব্যাপারে সতর্ক করেছিলেন।