২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে: জারিফ

কয়েক ঘণ্টার মধ্যে ইরানের উপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Jan 2016, 07:03 PM

Updated : 12 Apr 2022, 01:13 AM

জারিফের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএ জানায়, “আজকের (শনিবার) দিনটি ইরানের জনগণের জন্য খুব ভাল একটি দিন। কারণ আজ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।”

ইরানের পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে আলোচনার জন্য বর্তমানে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থান করছেন জারিফ।

ইন্টারন্যাশনাল অটমিক এনার্জি এজেন্সির (আইএইএ) প্রধান কার্যালয়ও ভিয়েনায় অবস্থিত।

‘ইরান চুক্তি অনুযায়ী তাদের পারমানবিক কার্যক্রম কমিয়ে এনেছে’ ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার ওয়াচডগ আইএইএ’র পক্ষ থেকে শনিবার এ সংক্রান্ত একটি ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে বিবিসি।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে গেলে ইরানের সামনে হাজার কোটি ডলারের বানিজ্যের দ্বার উন্মুক্ত হয়ে যাবে। সেই সঙ্গে আন্তর্জাতিক বাজারে দেশটি তাদের তেল বিক্রি করতে পারবে।

প্রায় দুই বছর ধরে আলোচনার পর গত বছর জুলাইয়ে বিশ্ব ছয় শক্তি যু্ক্তরাষ্ট্র, জার্মানি, চীন, রাশিয়া, যুক্তরাজ্য ও ফ্রান্সের সঙ্গে পরমাণু বিষয়ে একটি চুক্তিতে উপনীত হয় ইরান।

চুক্তি অনুযায়ী ইরান আগামী অন্তত ১০ বছরের জন্য নিজেদের পরমাণু সমৃদ্ধিকরণ কমিয়ে আনবে। বিনিময়ে তাদের উপর থেকে ধীরে ধীরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ওই চুক্তিকে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করেছিলেন।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি শুরুতে বিরোধিতা করলেও পরে ওই চুক্তিতে সমর্থন দেন।