সৌদি আরব উত্তেজনা বাড়াচ্ছে: ইরান
তেহরানে সৌদি আরবের দূতাবাসে হামলার অজুহাত দেখিয়ে রিয়াদ দুই দেশের সম্পর্কে উত্তেজনা বাড়াচ্ছে বলে অভিযোগ করেছে ইরান।
সৌদি আরব ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর ইরান এ প্রতিক্রিয়া জানাল।
সম্প্রতি সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের অভিযোগে সৌদি আরব শিয়া নেতা শেখ নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।
এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানায় ইরান। শনিবার মধ্যরাতের পর শিয়া বিক্ষোভকারীরা তেহরানে সৌদি আরবের দূতাবাসে চড়াও হয়।
তারা মিছিল করে দূতাবাস ভবনে ঢুকে পড়ে এবং আসবাবপত্র ভাঙচুর করে আগুনধরিয়ে দেয়। পরে ইরানি পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
রোববার সৌদি আরব ইরানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করারঘোষণা দেয় এবং ৪৮ ঘন্টার মধ্যে রিয়াদে নিযুক্ত ইরানি কূটনীতিকদের দেশত্যাগ করার নির্দেশ দেয়।
ইরান থেকে নিজেদের কূটনীতিকদেরও সরিয়ে এনেছে সৌদি আরব।
টেলিভিশনে এক বক্তব্যে ইরানের পররাষ্ট্র মণ্ত্রণালয়ের মূখপাত্র হোসেইন জাবেরি আনসারি বলেন, “(শিয়া নেতা শেখ নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করায়) ইরানের অধিকাংশ মানুষ ক্ষুব্ধ। কূটনৈতিক বাধ্যবাধকতার মধ্যে থেকেই ইরান নিজেদের জনগণের আবেগ নিয়ন্ত্রণ করছে।”
“সৌদি আরব এ ঘটনা থেকে সুবিধা নিচ্ছে এবং চলমান উত্তেজনা বৃদ্ধি করছে। এ ঘটনাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে তারা উত্তেজনার আগুনে ঘি ঢালছে।”
রিয়াদ থেকে এখনও ইরানি কূটনীতিকদের সরিয়ে আনা শুরু হয়নি বলেও জানান তিনি।
তবে তাদের সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইরানের পররাষ্ট্রমণ্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ইরান তাদের দূতাবাসগুলোর সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
