সৌদি জোটের ইয়েমেনে যুদ্ধবিরতি অবসানের ঘোষণা
ইয়েমেনে যুদ্ধবিরতি অবসানের ঘোষণা দিয়েছে সৌদি আরব নেতৃত্বাধীন জোট। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এ খবর জানিয়েছে।
জাতিসংঘের উদ্যোগে ১৫ ডিসেম্বর থেকে দেশটিতে যুদ্ধবিরতি শুরু হয়েছিল। যদিও উভয়পক্ষই বারবার যুদ্ধবিরতি আইন লঙ্ঘন করেছে।
ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা গত বছরের শুরুতে ইয়েমেনের রাজধানী সানা দখলের পর দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়।
গত বছর মার্চ মাস থেকে ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদির পক্ষে হুতি বিদ্রোহীদের দমনে বিমান হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত সৌদি জোটের হামলায় প্রায় ছয় হাজার মানুষ নিহত হয়েছে, যাদের অর্ধেকই বেসামরিক নাগরিক।
এসপিএ’র খবরে বলা হয়, “ইয়েমেন সরকারকে সমর্থনকারী জোটের নেতারা দেশটিতে যুদ্ধবিরতি অবসানের ঘোষণা করছে। শনিবার স্থানীয় সময় ১৪:০০ মিনিট (জিএমটি ১১:০০) থেকে তা কার্যকর হবে।”
“এখনও জোট একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য সঠিক পরিবেশ সৃষ্টি করতে আগ্রহী। কিন্তু বর্তমান যুদ্ধবিরতি আর চালিয়ে যাওয়া সম্ভব নয়। কারণ হুতি জঙ্গি ও সালেহ বাহিনী ক্রমাগত যুদ্ধবিরতি আইন লঙ্ঘন করে যাচ্ছে।”
হুতি বিদ্রোহী ও সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ বাহিনী সৌদি আরবকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে বলেও ওই বিবৃতিতে অভিযোগ করা হয়।
অনেক চেষ্টার পরও ইয়েমেনে গৃহযুদ্ধ অবসানে কোনো রাজনৈতিক সমাধানের পথ খুঁজে পাচ্ছে না জাতিসংঘ। এ বিষয়ে আলোচনার জন্য ১৪ জানুয়ারি আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে।
