২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় উত্তর কোরিয়ার শীর্ষ কর্মকর্তার মৃত্যু

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শীর্ষ সহযোগী ও দেশটির ক্ষমতাসীন দলের অন্যতম প্রধান এক নেতা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 12:21 PM

Updated : 25 Apr 2022, 02:21 PM

বুধবার উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ-র বরাতে এ খবর জানিয়েছে বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স। 

কেসিএনএ বলেছে, “ওয়ার্কার্স পার্টির সম্পাদক ও দলের কেন্দ্রীয় কমিটি পলিটব্যুরোর সদস্য কমরেড কিম ইয়াং গোন (৭৩) মঙ্গলবার ভোর সোয়া ৬টায় এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।” 

বৃহস্পতিবার কিমের নেতৃত্বে ৮০ সদস্যের এক রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কেসিএনএ।
  
ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সম্পাদক ইয়াং গোন দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তরের সম্পর্কের বিষয়টি তত্ত্বাবধান করতেন।  

চলতি বছরের মাঝামাঝি দুই কোরিয়ার মধ্যে গোলা নিক্ষেপের পর উত্তেজনা ছড়িয়ে পড়লে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনায় উত্তর কোরিয়ার উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন গোন। অগাস্টে দুই পক্ষের ওই আলোচনায় উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।

কেসিএনএ গোনকে কিম জং উনের ‘ঘনিষ্ঠ কমরেড ও খাঁটি বিপ্লবী অংশীদার’ বলে বর্ণনা করেছে।

অগাস্টে দুই কোরিয়ার মধ্যবর্তী সীমান্তে এক বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার দুই সেনা আহত হলে উত্তর-দক্ষিণের মধ্যে উত্তেজনা তৈরি হয়। 

উত্তেজনার ওই সময়ে দুপক্ষের বৈঠক পরস্পরকে সামরিক সংঘর্ষে জড়িয়ে পড়া থেকে সরিয়ে আনে।