যৌনদাসী ধর্ষণের নিয়ম নিয়ে ফতোয়া আইএসের!
বন্দি নারীদের ‘যৌনদাসী’ হিসেবে ব্যবহারের নিয়ম বর্ণনা করে তাদের ‘মালিকদের’ জন্য ফতোয়া জারি করেছে ইসলামিক স্টেট (আইএস)।
এ সম্পর্কে জঙ্গি গাষ্ঠীটির দাবি, যৌনদাসীদের সঙ্গে তাদের মালিকদের আচরণের নিয়ম লঙ্ঘন কমাতেই তারা ফতোয়া দিয়েছে।
আইনে পরিণত হওয়া এ ফতোয়ার মাধ্যমে ইরাক ও সিরিয়ায় আইএস নিয়ন্ত্রিত অঞ্চলে নারীদের যৌনদাসী হিসেবে ব্যবহারের বর্ষপুরোনো প্রথাকেই সমর্থনের চেষ্টা করেছে গোষ্ঠীটি।
গত মে মাসে সিরিয়ায় মার্কিন বাহিনীর বিশেষ অভিযানে জব্দ হওয়া আইএস এর বহু নথিপত্রের মধ্যেই পাওয়া গেছে এ ফতোয়ার নথিপত্র। এসব নথির কিছু অংশ পর্যালোচনা করেছে রয়টার্স, যা আগে কখনো প্রকাশ পায়নি।
জারি করা ফতোয়ার মধ্যে একই যৌনদাসীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে বাবা ও ছেলের প্রতি নিষেধাজ্ঞা রয়েছে এবং কোনো মা ও তার মেয়েকে একই ‘মালিক’ যৌনদাসী হিসেবে ব্যবহার করতে পারবে না বলে উল্লেখ করা হয়েছে।
একইভাবে কোনো নারী বন্দির দুইজন ‘মালিক’ থাকলে, 'যৌথ অংশীদারিত্বের অংশ' হিসেবে ওই নারীকে দুইজনই যৌনদাসী হিসাবে ব্যবহার করতে পারবে না বলেও ফতোয়ায় উল্লেখ করা হয়েছে।
১২ বছরের কন্যা শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের হাজার হাজার নারীকে অপহরণ ও ধর্ষণের জন্য আইএস এর বিরুদ্ধে বরাবরই অভিযোগ করে এসেছে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো।
বিশেষ করে উত্তর ইরাকের সংখ্যালঘু ইয়াজিদি সম্প্রদায়ের নারীদেরকে ধর্ষণ করাসহ এটি তাদের অধিকার এবং তা ‘ধর্মসম্মত’ বলেও দাবি করে জঙ্গিরা। এই নারীদের অনেককেই হয় জঙ্গিদের কাছে বিক্রি করা হয়, না হয় উপহার হিসাবে দেওয়া হয়।
নারীদের যৌনদাসী হিসেবে ব্যবহার বন্ধ করা তো নয়ই বরং এ ব্যাপারে রীতিমতো গর্ব করে জঙ্গিরা। যৌনদাসত্বের ব্যবস্থাপনার জন্য ‘ওয়ার স্পয়েলস’ বা (যুদ্ধ জঞ্জাল) নামে একটি আলাদা বিভাগও খুলেছে তারা। এ বিভাগের কথা সোমবারই জানিয়েছে গোষ্ঠীটি।
গত এপ্রিলে প্রকাশিত এক প্রতিবেদনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) আইএস এর হাত থেকে পালিয়ে বাঁচা ২০ নারীর সাক্ষাৎকারের ভিত্তিতে জানিয়েছিল, কিভাবে পুরুষ, বালক ও বৃদ্ধ নারীদের কাছ থেকে অল্পবয়সী মেয়ে ও তরুণীদের বয়সভেদে আলাদা করে নেয় জঙ্গিরা।
এরপর তাদেরকে ‘সংগঠিত ও পদ্ধতিগতভাবে’ ইরাক ও সিরিয়ার বিভিন্ন জায়গায় পাঠানো হয়। তারপর হয় তাদের বিক্রি করে দেওয়া হয়, নয়ত উপহার হিসেবে তুলে দেওয়া হয় জঙ্গিদের হাতে, যেখানে তারা অবিরাম ধর্ষণ ও যৌন সহিংসতার শিকার হয়।
চলতি বছর ২৯ জানুয়ারি জারি করা এক ফতোয়ায় আইএস এর ‘গবেষণা ও ফতোয়া বিষয়ক পরিষদ’ ৬৪ নম্বর ফতোয়ায় প্রথমবারের মতো আইএস জঙ্গি ও তাদের নারী বন্দিদের মধ্যে যৌন সংসর্গের নিয়ম বেঁধে দিয়েছে, যা ২০১৪ সালে গোষ্ঠীটির প্রকাশিত দাসীদের সঙ্গে আচরণ বিধিমালা বিষয়ক বইয়ের তুলনায় আরও বেশি বর্ণনামূলক।
