নাইজেরিয়ার জারিয়াতে ‘৩০০ শিয়ার’ গণকবর
চলতি মাসের প্রথমদিকে নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় শহর জারিয়ায় ‘যুক্তিগ্রাহ্য’ কোনো কারণ ছাড়াই সেনাবাহিনীর চালানো এক আক্রমণে অন্তত ৩০০ শিয়া মুসলিম নিহত হয়েছেন।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, হত্যার পর নিহতদের দ্রুততার সঙ্গে কবর দেয় নাইজেরীয় সেনাবাহিনী। লাশগুলো কবর দেওয়ার সময় নিহতদের পরিবারের অনুমতিও নেওয়া হয়নি।
বিবিসির জানায়, নাইজেরীয় সামরিক বাহিনীর মুখপাত্র বিগ্রেডিয়ার জেনারেল রাবি আবুবকর অভিযোগ অস্বীকার করে ‘সেনাবাহিনী কাউকে হত্যা করেনি’ বলে দাবি করেছেন।
এই হত্যাকাণ্ডের খবর প্রকাশ হওয়ার পর বিশ্বব্যাপী শিয়াদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। প্রভাবশালী শিয়া মুসলিম রাষ্ট্র ইরান নাইজেরীয় শিয়াদের নিরাপত্তা দেওয়ার আহ্বান জানিয়েছে।
নাইজেরীয় সেনাবাহিনীর প্রকাশিত তালিকায় এ ঘটনাটির কোনো উল্লেখ নেই জানিয়ে প্রকৃতপক্ষে কী ঘটেছে তা বের করতে স্বাধীন বিচার বিভাগীয় তদন্তের আহ্বান জানিয়েছে এইচআরডব্লিউ।
ঘটনার বিষয়ে তদন্তের জন্য নাইজেরীয় সরকারের গঠিত একটি তদন্ত কমিটিকে ‘সরকার প্রভাবিত হতে পারে’ মন্তব্য করে প্রত্যাখ্যান করেছে শিয়ারা।
এইচআরডব্লিউ আফ্রিকার ড্যানিয়েল বেকেল বলেন, “সবচেয়ে ভালোভাবে বললে এটি একটি নিষ্ঠুর অতিপ্রতিক্রিয়া, আর খারাপভাবে বললে সংখ্যালঘু শিয়াদের ওপর এটি একটি পরিকল্পিত হামলা।”
সেনাবাহিনী প্রধান জেনারেল টুকুর বুরাতাইকে ইরান-সমর্থিত জারিয়া-ভিত্তিক শিয়া গোষ্ঠী ইসলামিক মুভমেন্ট অব নাইজেরিয়া (আইএমএন) হত্যা করতে চেয়েছিল বলে অভিযোগ করেছে দেশটির সেনাবাহিনী, অভিযোগ অস্বীকার করেছে আইএমএন।
সেনাবাহিনী কিছু ছবি প্রকাশ করেছে, তাতে আইএমএন-র বানানো একটি সড়ক অবরোধ পার হওয়ার সময় গোষ্ঠীটির সদস্যরা লাঠি ও পাথর নিয়ে সেনাসদস্যদের ওপর হামলার চেষ্টা করেছে এমনটি দেখানোর চেষ্টা করা হয়েছে।
কিন্তু এইচআরডব্লিউ বলেছে, এতে কোনো সেনা আহত বা নিহত হয়েছিলেন এমন কোনো ‘নির্ভরযোগ্য তথ্য’ পাওয়া যায়নি।
সেনা হামলায় ঠিক কতোজন নিহত হয়েছেন তা নির্ধারণ করা কঠিন হলেও হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে প্রকাশিত তথ্যগুলো পাওয়া গেছে বলে জানিয়েছে এইচআরডব্লিউ।
নাইজেরিয়ার মুসলিম আধ্যাত্মিক নেতা সোকোতো-র সুলতান সতর্ক করে বলেছেন, আইএমএন-র ওপর চালানো এ অভিযান নতুন একটি বিদ্রোহের জন্ম দিতে পারে।
আইএমএন জানিয়েছে, সামরিক হামলায় তাদের মসজিদ এবং তাদের নেতা শেখ ইব্রাহিম জাকজাকির বাসভবন ধ্বংস হয়েছে।
শেখ জাকজাকি এখন পুলিশ হেফাজতে রয়েছেন। অভিযানে নিহতদের মধ্যে আইএমএন-র উপপ্রধান ও মুখপাত্র রয়েছেন বলে জানা গেছে।
