২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাই সামরিক জান্তা প্রধানের নতুন গান

জনগণকে ‘উদ্দীপ্ত’ করতে আবারও গান লিখেছেন থাইল্যান্ডের সামরিক জান্তা প্রধান প্রায়ুথ চান-ওচা। ‘বিকজ ইউ আর থাইল্যান্ড’ শিরোনামের এ গান থাই জনগণের জন্য ‘নতুন বছরের উপহার’ বলে মন্তব্য করেছেন তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2015, 04:31 PM

Updated : 22 Aug 2022, 02:20 PM

নতুন গানে প্রায়ুথ লিখেছেন- “যদি আমাদের হাতগুলো একত্রিত হয়…তবে আমাদের চাওয়ার দিন খুব বেশি দূরে নয়”, “তুমি-ই থাইল্যান্ড, তাই কাউকেই ধ্বংসের সুযোগ দেবে না তুমি”।

এর আগে ২০১৪ সালে প্রথম ‘রিটার্নিং হ্যাপিনেস টু দ্য পিপল’ নামে একটি গান থাই জনগণকে নিবেদন করেন প্রায়ুথ। এরপর থেকেই তা দেশটির বেতার ও টেলিভিশনে নিয়মিতভাবে প্রচার হয়ে আসছে।

দুই গানেই থাইল্যান্ডবাসীর কাছে ‘দশককাল ধরে চলা রক্তক্ষয়ী রাজনৈতিক ভেদাভেদ ভুলে’ সামরিক সরকারকে সমর্থন জানিয়ে দেশে শৃঙ্খলা ও আনন্দ ফিরিয়ে আনতে সহযোগিতা চাওয়া হয়েছে বলে রয়টার্স জানিয়েছে।

তিন দশক আগে বাংলাদেশে সামরিক শাসক এইচ এম এরশাদ ক্ষমতায় থাকা অবস্থায়ও তার লেখা গান ও কবিতা রাষ্ট্রীয় বেতার ও টেলিভিশনে নিয়মিত প্রচার হত।  

২০১৪ সালের মে মাসে এক সেনাঅভ্যুত্থানে প্রায়ুথ তৎকালীন নির্বাচিত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে উৎখাত করে ক্ষমতা দখল করেন।

ওই অভ্যুত্থানের আগে ইংলাকবিরোধী মধ্যবিত্ত ও অভিজাতরা এক মাসেরও বেশি সময় ধরে থাইল্যান্ডের বিভিন্ন শহরে বিক্ষোভ দেখিয়ে আসছিল।

প্রায়ুথের নেতৃত্বাধীন ‘ন্যাশনাল কাউন্সিল ফর পিস এন্ড অর্ডার’ রাজপরিবার ও সেনাবাহিনীর ক্ষমতায়নে ব্যাপকহারে শক্তি প্রয়োগ করছে বলে বিভিন্ন সময়ে আন্তর্জাতিক গণমাধ্যমে অভিযোগ এসেছে। এরই মধ্যে ভিন্নমতের কারণে বেশ কয়েকজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

থাইল্যান্ডের বর্তমান জান্তা সরকার নতুন নির্বাচন নিয়েও টালবাহানা করছে। তাদের ভাষ্য, দেশে নির্বাচনের পরিস্থিতি নেই। পরিস্থিতি স্বাভাবিক হলেই নির্বাচনের ঘোষণা দেওয়া হবে।

এ পরিস্থিতিতে ‘ইমেজ’ ভালো করতেই প্রায়ুথকে গানের ‘দ্বারস্থ’ হতে হয়েছে বলে মনে করছে রয়টার্স।

নতুন গানটি ইউটিউবে এক লাখেরও বেশিবার দেখা হয়েছে। অনেকেই তার এ গানের ‘প্যারোডি’ও বানিয়েছে। 

নিজের পরিবারে প্রায়ুথ অবশ্য একাই ‘সঙ্গীতজ্ঞ’ নন, তার দুই মেয়েও থাইল্যান্ডের একটি জনপ্রিয় ব্যন্ড দল ‘ব্যাডজ’ এ গান গায়।

সাবেক এ সেনাপ্রধান ‘নাটুকেপনা’র জন্যও বেশ বিখ্যাত। বিভিন্ন সংবাদ সম্মেলনে ‘অনভিপ্রেত’ সব প্রশ্নের উত্তরে প্রায়ুথ প্রায়ই মুখ গোমড়া করে বসে থাকেন এবং প্রশ্নকারীকে অবজ্ঞা করেন।