২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে গিয়ে জামিন নিলেন সোনিয়া-রাহুল

দুর্নীতির এক মামলায় ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রেসিডেন্ট সোনিয়া গান্ধি ও তার ছেলে দলের ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধি দিল্লির বিচারিক আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2015, 03:10 PM

Updated : 12 Oct 2022, 04:42 PM

এনডিটিভি বলছে, শনিবার বিকাল ৩টায় পাতিয়ালা হাউজ আদালতে শুনানি শুরুর পাঁচ মিনিটের মধ্যে বিচারক বিরোধীদলীয় নেতা ও তার ছেলেকে জামিনের আদেশ দেন। 

ন্যাশনাল হেরাল্ড পত্রিকা অধিগ্রহণে দুর্নীতির অভিযোগে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতার করা এ মামলায় শীর্ষ কংগ্রেসনেতা ও গান্ধি পরিবারের সহযোগীসহ আরও চার জনকে জামিন দিয়েছে আদালত।

সোনিয়ার জামিনদার হয়েছেন কংগ্রেসের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। গান্ধি পরিবারের পক্ষে আদালতে দাঁড়ান কংগ্রেস নেতা ও আইনজীবী কপিল সিবাল।

তিনি জানান, বিচারক মামলার পরবর্তী শুনানির জন্য ২০ ফেব্রুয়ারি দিন রেখেছেন।    

শীর্ষ কংগ্রেসনেতারা ছাড়াও সোনিয়ার মেয়ে প্রিয়াঙ্কা গান্ধি এসময় আদালতে উপস্থিত ছিলেন।

আদালত থেকে কংগ্রেস সদরদপ্তরে পৌঁছে সংক্ষিপ্ত এক বিবৃতিতে সোনিয়া গান্ধি বলেন, “নির্ভেজাল বিবেক নিয়ে আমি আদালতে হাজির হয়েছি। আমরা ভয় পাব না, আমাদের লড়াই চলবে…। কংগ্রেস পার্টিকে কেউ ছুড়ে ফেলতে পারবে না।”

কংগ্রেসপ্রধান বলেন, রাষ্ট্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করে বর্তমান সরকার রাজনৈতিক বিরোধীদের উপর উদ্দেশ্যমূলক আক্রমণ চালাচ্ছে।

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে রাহুল গান্ধি বলেন, “মোদী জি মিথ্যা অভিযোগ খাঁড়া করেছেন এবং তিনি ভেবেছেন বিরোধী দল ভেঙে পড়বে… কংগ্রেস এবং আমি কখনোই নত হব না।

সোনিয়া ও রাহুল ছাড়াও কংগ্রেসের দুই শীর্ষ নেতাসহ প্রয়াত রাজীব গান্ধির এক বন্ধুর বিরুদ্ধে মামলা করেছিলেন তামিলনাড়ুর রাজনীতিবিদ বিজেপি নেতা সুব্রামানিয়াম স্বামী।

তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা দলীয় তহবিল তছরুপ করে জহরলাল নেহেরুর প্রতিষ্ঠিত ন্যাশনাল হেরাল্ড নামের ওই ইংরেজি পত্রিকাটির সম্পত্তি কিনে মুনাফা করেছেন এবং আয়কর আইন ভেঙেছেন।

এ মামলায় গত বছরের ২৬ জুন সোনিয়া ও রাহুলকে নিম্ন আদালতে হাজির হতে সমন জারি করে দিল্লি হাই কোর্ট। পরে হাজিরা থেকে অব্যাহতি চেয়ে তারা আবেদন করলেও তা খারিজ করে আদালত।

মা-ছেলে উভয়ই দলীয় তহবিল কেলেঙ্কারি এবং কোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন।

Image
ছেলে রাহুল গান্ধির সঙ্গে সোনিয়া গান্ধি (ফাইল ছবি)

ছেলে রাহুল গান্ধির সঙ্গে সোনিয়া গান্ধি (ফাইল ছবি)

রাজনৈতিক প্রতিহিংসার বশে মামলা করা হয়েছে কি না জানতে চাইলে সোনিয়া এর আগে বলেছিলেন, “বিচারের ভার আপনাদের ওপরই ছেড়ে দিচ্ছি। আমি ইন্দিরা গান্ধির পুত্রবধূ, কোনো কিছুতেই ভয় পাই না।”

মামলা দিয়ে বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টা করছে বলে কংগ্রেস নেতা মনু সাংভি অভিযোগ করেন।

বিরোধী দলের শীর্ষ নেতৃত্বকে ‘হেনেস্তা’ করতে ক্ষমতাসীন বিজেপি এভাবে মামলা দিচ্ছে অভিযোগ তুলে পার্লামেন্টের উভয় কক্ষে সব ধরনের কার্যক্রম বন্ধ রেখেছে কংগ্রেস।

এনডিটিভির খবরে বলা হয়, শনিবার মামলার শুনানির আগেও বিজেপি সরকারের বিরুদ্ধে বিরোধী দলের উপর আক্রমণের অভিযোগ করেন কংগ্রেস নেতারা।

‘বিজেপি বিরোধী দলমুক্ত দেশ চায়’ অভিযোগ করে গোলাম নবী আজাদ বলেন, “সরকার প্রতিহিংসার রাজনীতির অভূতপূর্ব পর্যায়ে উপনীত হচ্ছে।”

রাহুল গান্ধি বলেন, “প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শতভাগ রাজনৈতিক প্রতিহিংসা বের হয়ে আসছে।”

এ মন্তব্যের জবাবে বিজেপি সরকারের মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, “রাহুল গান্ধি মিথ্যা বলায় পারদর্শী। হাই কোর্ট নিয়ে তার সমস্যা থাকলে তিনি সুপ্রিম কোর্টে যেতে পারেন।আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার চালাই।”

বিজেপি বলছে, এই মামলায় তাদের কোনো ভূমিকা নেই। আদালতের সিদ্ধান্তের সঙ্গে রাজনীতিকে গুলিয়ে ফেলছে কংগ্রেস।

২০১৩ সালের জানুয়ারিতে  দিল্লির আদালতে সোনিয়া ও রাহুল গান্ধিসহ তাদের কোম্পানি ও সহযোগী ব্যক্তিদের বিরুদ্ধে সুব্রামানিয়াম মামলাটি করেন।

মামলায় বলা হয় হয়, সোনিয়া ও রাহুল ‘ইয়ং ইন্ডিয়া’ নামে একটি কোম্পানি গঠন করে ন্যাশনাল হেরাল্ড ও কওমি আওয়াজ পত্রিকার প্রকাশক নেহেরুর প্রতিষ্ঠিত অ্যাসোসিয়েটেড জার্নাল অধিগ্রহণ করে।

স্বামীর অভিযোগ, অ্যাসোসিয়েটেড জার্নাল অধিগ্রহণের মাধ্যমে ‘ইয়ং ইন্ডিয়ার’ বেশিরভাগ শেয়ারের মালিক সোনিয়া ও রাহুল ফায়দা লুটেছেন। তার দাবি, কংগ্রেস থেকে অ্যাসোসিয়েটেড জার্নালকে ৯০ দশমিক ২৫ রুপি সুদমুক্ত ঋণ দেওয়া হয় এবং ৫০ লাখ রুপির বিনিময়ে ওই ঋণ ‘ইয়ং ইন্ডিয়ার’ কাছে হস্তান্তর করা হয়।

ওই সময় অ্যাসোসিয়েটেড জার্নালের চেয়ারম্যান মতি লাল ভোরা ঋণ শোধ করতে না পারায় কোম্পানি ও এর সম্পত্তি ‘ইয়ং ইন্ডিয়ার’ কাছে হস্তান্তর করার কথা বলেছিলেন বলে গণমাধ্যমের খবর।

ইয়ং ইন্ডিয়া ছাড়া এ মামলায় অভিযুক্তরা হলেন- প্রয়াত রাজিব গান্ধির ঘনিষ্ট বন্ধু সুমন দুবে, মতি লাল ভোরা, সুমন দুবে, অস্কার ফার্নান্দেজ ও স্যাম পিতরোদা।

১৯৩৮ সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু ন্যাশনাল হেরাল্ড পত্রিকা চালু করেন। কয়েক দশক ধরে অব্যবস্থাপনা ও ক্ষতির মধ্যে থাকায় ২০০৮ সালে পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়।