২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুন্দুজে ৮৪৮ জন বেসামরিক আফগান হতাহত হয়েছেন: জাতিসংঘ

সেপ্টেম্বরে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজে তালেবানের চালানো হামলার সময় লড়াইয়ে অন্তত ৮৪৮ জন হতাহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Dec 2015, 04:03 PM

Updated : 25 Apr 2022, 02:16 PM

জাতিসংঘের এই প্রতিবেদনে কয়েক সপ্তাহ ধরে কুন্দুজে লড়াই চলার সময় শহরটির বাসিন্দারা যে ভয়ানক পরিস্থিতির শিকার হয়েছিলেন তার বিস্তারিত প্রকাশ পেয়েছে।

আফগানিস্তানে জাতিসংঘের মিশন ইউএনএএমএ-র ওই প্রতিবেদনে বলা হয়, লড়াইয়ে ২৮৯ জন নিহত ও ৫৫৯ জন আহত হন। আরো তথ্য পাওয়া গেলে হতাহতের এ সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ওই লড়াইয়ের পর থেকে কুন্দুজের অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে তাদের কর্মকর্তারা বিস্তারিত তদন্ত করতে সক্ষম হননি বলে জানিয়েছে ইউএনএএমএ।

এসব হতাহতদের মধ্যে অন্তত ৩০ জন নিহত ও ৩৭ জন আহত হয়েছেন স্বেচ্ছাসেবী চিকিৎসা সংস্থা মিতস সঁ ফঁতিয়া-র (এমএসএফ  বা ডক্টরস উইথআউট বর্ডারস) পরিচালিত হাসাপাতালে যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলায়। 

৩ অক্টোবর হাসপাতালে চালানো যুক্তরাষ্ট্রের বিমান হামলা বাদে বাকি হতাহতের ঘটনা আবাসিক এলাকায় তীব্র লড়াই চলাকালে হালকা অগ্নেয়াস্ত্রের গুলিতে ও বিস্ফোরণের কারণে ঘটেছে।

অধিকাংশ ক্ষেত্রেই লড়াই চলার সময় কোন পক্ষের আঘাতে হতাহতের ঘটনা ঘটেছে তা ইউএনএএমএ নির্ধারণ করতে পারেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, লড়াই চলাকালে তালেবানরা সরকার পক্ষের সঙ্গে জড়িত বেসামরিকসহ অন্যান্য নাগরিকদের সচেতনভাবে হত্যা করেছে।  

প্রতিবেদনে এমএসএফ –র হাসপাতালে চালানো হামলার স্বাধীন তদন্তের আহ্বান জানিয়ে বলা হয়, তদন্তে হামলাটি সচেতনভাবে চালানো হয়েছে প্রমাণিত হলে তা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হবে।  

২০০১ সালে তালেবানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর অভিযান শুরু হওয়ার পর থেকে কুন্দুজ হামলা ছিল আফগানিস্তানের কোনো শহরে চলা তালেবানের সবচেয়ে দীর্ঘমেয়াদি হামলা। তালেবান জঙ্গিদের সঙ্গে আফগান নিরাপত্তা বাহিনী ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর এই দ্বিমুখি লড়াই চলাকালে শহরটির এক লাখ ৫০ হাজার বাসিন্দা আটকা পরেছিলেন।