২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ চীনা ধনকুবের গুয়াংচ্যাং

চীনে ‘ওয়ারেন বাফে’ নামে পরিচিত ধনকুবের  গুও গুয়াংচ্যাংকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2015, 08:29 PM

Updated : 25 Apr 2022, 02:16 PM

গুয়াংচ্যাং এর কোম্পানি ফোসুন ইন্টারন্যাশনালের কর্মীদের বরাত দিয়ে অর্থ বিষয়ক ম্যাগাজিন সাইসিন জানায়, বৃহস্পতিবার বিকাল থেকে ফোসুন ইন্টারন্যাশনালের কর্মীরা তাদের বসের সঙ্গে যোগাযোগ করতে পারছে না।

চীনের ব্যক্তি মালিকানাধীন বৃহৎ কোম্পানিগুলোর একটি ফোসুন গ্রুপ।

চীনে ওয়ারেন বাফে (যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ ধনী ব্যবসায়ী) হিসেবেও পরিচিতি পাওয়া গুয়াংচ্যাংকে পুলিশ ধরে নিয়ে গেছে বলে গুঞ্জন রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া বার্তার বরাত দিয়ে সাইসিনের প্রতিবেদনে বলা হয়, গুয়াংচ্যাংকে সর্বশেষ সাংহাই পুলিশের সঙ্গে দেখা গেছে।

ফোসুন গ্রুপের ঘনিষ্ঠ এক ব্যক্তি বিবিসি’কে বলেন, “খুব সম্ভবত চীন কর্তৃপক্ষ কোনো একটি তদন্তে তার কাছ থেকে সহায়তার চেয়েছে। তার নিজের কোনো কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না।”

তবে ঠিক কি বিষয় নিয়ে তদন্তে গুয়াংচ্যাং এর সহায়তা চাওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এ বিষয়ে পরে আরও বিস্তারিত তথ্য দেওয়া হবে বলে জানিয়েছে ফোসুন কর্তৃপক্ষ।

দুর্নীতির অভিযোগে অগাস্টে আদালতে দায়ের করা একটি মামলার সঙ্গে গুয়াংচ্যাংয়ের সংশ্লিষ্টতা রয়েছে।

ওদিকে গুয়াংচ্যাং নিখোঁজ হওয়ার পর হংকং স্টক এক্সচেঞ্জে ফোসুন ইন্টারন্যাশনালের শেয়ার ক্রয়-বিক্রয় বন্ধ রাখা হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “১১ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে ফোসুন ইন্টারন্যাশনালের শেয়ার ক্রয়-বিক্রয় বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর হয়েছে।”

গত বছর বিবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে গুয়াংচ্যাং বলেছিলেন, গত কয়েক বছর ধরে চীনে ব্যক্তিগত উদ্যোগে ব্যবসার ক্ষেত্রে বেশ কিছু জটিলতার মুখোমুখি হতে হচ্ছে।

যেহেতু চীনের সব ব্যাংক রাষ্টীয় মালিকানাধীন তাই সেখানে দীর্ঘ মেয়াদে ঋণ পাওয়া বেশ কঠিন বলেও জানিয়েছিলেন তিনি।