তালেবান নেতা মোল্লা মনসুরের অডিও বার্তা প্রকাশ
চলতি সপ্তাহে পাকিস্তানে এক গোলাগুলির ঘটনায় তালেবান নেতা মোল্লা আখতার মনসুর নিহত হয়েছেন, প্রকাশিত এমন প্রতিবেদনের বিরোধীতা করে ‘জীবিত’ মনসুরের অডিও বার্তা প্রকাশ করেছে জঙ্গিগোষ্ঠীটি।
শনিবার প্রকাশিত ১৬ মিনিটের বার্তাটিতে দাবি করা হয়েছে, তালেবানের মধ্যে বিভেদ তৈরি করতে উদ্দেশ্যমূলকভাবে মনসুরের আহত বা নিহত হওয়ার প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
অডিও বার্তাটিতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “আমি আমার লোকজনের মাঝেই আছি। এ ধরনের কোনো ঘটনা কখনো ঘটে নাই এবং এসব সত্য নয়। এগুলো শত্রুদের প্রপাগান্ডা।”
অডিও বার্তার কণ্ঠস্বরটি প্রকৃতই মনসুরের কি না, তা যাচাই করা সম্ভব না হলেও কয়েকজন জ্যেষ্ঠ তালেবান নেতা কণ্ঠস্বরটি মনসুরের বলেই মনে হচ্ছে বলে জানিয়েছেন।
তালেবান নেতার ভাগ্যে কী ঘটেছে তা নিয়ে কয়েকদিনের দোলাচালের মধ্যেই অডিও বার্তার বিবৃতিটি প্রকাশ করা হল।
এর আগে বেশ কয়েকটি প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার রাতে পাকিস্তানের কোয়েটায় অপর এক তালেবান নেতার বাড়িতে গোলাগুলিতে মনসুর গুরুতর আহত হয়েছেন।
মনসুরের এবং তার কর্তৃত্ব অস্বীকার করা প্রতিদ্বন্দ্বী অংশ, উভয়ের ঘনিষ্ঠ বেশ কয়েকজন তালেবান নেতা জানিয়েছিলেন, মনসুর গুরুতর আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকে এও বলেছেন, জখমের কারণে তার মৃত্যু হয়েছে।
এ খবর প্রকাশ হওয়ার পর থেকেই মনসুরের আহত হওয়ার কথা অস্বীকার করে আসছিল তালেবান।
