বিশ্বজুড়ে ৮ শতাধিক মানুষের প্রাণ কেড়েছে আইএস
সিরিয়া ও ইরাকের ঘাঁটি থেকে নাটকীয়ভাবে সন্ত্রাসী অভিযানের গন্ডি বিস্তৃত করেছে ইসলামিক স্টেট (আইএস)। তাদের হামলায় এবছর বিশ্বজুড়ে নিহত হয়েছে ৮০০’র বেশি মানুষ।
রাশিয়ার বিমান বিধ্বস্ত করা থেকে শুরু করে প্যারিসে ১২৯ জন মানুষের প্রাণ কেড়ে নেওয়ার মতো বড় ধরনের সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে বিশ্বে ত্রাস সৃষ্টি করেছে জঙ্গি গোষ্ঠীটি।
এনডিটিভি জানায়, সিরিয়া এবং ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন হামলায় সম্প্রতি বহু অঞ্চলের দখল হারিয়ে আইএস এখন সবার দৃষ্টি আকর্ষণ করতে বিস্ময়কর সব সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে।
হামলায় বহু মানুষের মৃত্যু ঘটিয়ে তারা আল-কায়েদার চেয়েও বড় জিহাদি গোষ্ঠী হিসাবে আন্তর্জাতিক অঙ্গনে আত্মপ্রকাশের চেষ্টা নিয়েছে।
ইরাক ও সিরিয়ায় বিদেশি জিম্মি হত্যার পাশাপাশি বিদেশেও গণহারে হত্যাযজ্ঞ ঘটাচ্ছে তারা।
সিরিয়া এবং ইরাকে এ বছর মৃত্যুদণ্ড কার্যকর, বোমা হামলা এবং অন্যান্য হামলায় হাজার হাজার মানুষ মেরেছে আইএস।
