২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিসে সন্ত্রাসী হামলা: আরও কিছু তথ্য

প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় শতাধিক মানুষ নিহতের ঘটনা নিয়ে তোলপাড় চলছে বিশ্বে। কেন এমন ভয়াবহ হামলা, তা নিয়ে চলছে নানামাত্রিক বিশ্লেষণ। কোনো গোষ্ঠী এখনো পর্য‌্যন্ত হামলার দায় স্বীকার না করলেও, সন্দেহের তীর উগ্রপন্থিদের দিকেই।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2015, 04:10 PM

Updated : 25 Apr 2022, 02:08 PM

ভয়াবহ নির্মম এ হামলার পর যা যা জানা গেছে তার একটি তালিকা করেছে টাইমস অব ইন্ডিয়া। তাতে বিভিন্ন তথ্যের পাশাপাশি রয়েছে আরও হামলার আশঙ্কা, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং বিশ্বনেতাদের প্রতিক্রিয়া।

* হামলাকারীদের সহযোগীরা এখনো সক্রিয় থাকতে পারে এমন আশঙ্কা করছে ফরাসি সরকার।

* প্যারিসের অন্ততপক্ষে ৭টি জায়গায় একই সময়ে হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কর্মকর্তারা একে ‘সমন্বিত হামলা’ হিসেবে অভিহিত করেছেন।

* হামলায় প্রায় দেড়শ মানুষ নিহতের আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এর মধ্যে বাতাক্লাঁ কনসার্ট হলেই অন্ততপক্ষে ৮৭ জনের মৃত্যু হয়েছে, বাকি স্থানগুলোতেও ৪০জনের মৃতদেহ পাওয়া গেছে বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। হামলাকারী আটজনই নিহত হয়েছেন।

* সবচেয়ে ভয়াবহ হামলা হয় প্যারিসের বাতাক্লাঁ কনসার্ট হলে।

*এখন পর‌্যন্ত কেউই হামলার দায় স্বীকার করেনি। এক প্রতিবেদনে জানানো হয়েছে, বন্দুকধারীরা ‘সিরিয়ার জন্য’ এবং ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করছিল।

*হামলার পরপরই ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলন্দ দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ১৯৫৮ সালের পর দেশজুড়ে জরুরি অবস্থা জারির এটাই প্রথম ঘটনা। নির্দেশ দেয়া হয়েছে সীমান্ত বন্ধের।

* আরও হামলার আশঙ্কায় বন্ধ করে দেয়া হয়েছে প্যারিসের মেট্রো রেল যোগাযোগ ব্যবস্থা।

* ভয়াবহ হামলার শিকার বাতাক্লাঁ কনসার্ট হল পরিদর্শনে যাওয়ার আগে প্রেসিডেন্ট অলন্দ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক করেছেন।

* সপ্তাহের শেষ দিকে তুরস্কে হতে যাওয়া জি-২০ সম্মেলনে যোগদানও বাতিল করেছেন ওলাঁদ।

* এই টুইট বার্তায় ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হামলার ঘটনাকে ‘যন্ত্রণাদায়ক ও ভয়াবহ’ উল্লেখ করে মোদী বলেন, “হতাহতদের পরিবারের সঙ্গে প্রার্থনায় আমরাও শামিল আছি। দূর্যোগকালীন সময়ে আমরা ফরাসি জনগণের সঙ্গে একাত্ম।”

* নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও।  টুইট বার্তায় তিনি বলেন, “প্যারিসের ঘটনায় আমি মর্মাহত। এখন আমাদের চিন্তা ও প্রার্থনা তাদের জন্য।” বার্তায় ফরাসি জনগণের প্রতি সাহায্যের হাত বাড়ানোরও ঘোষণা দেন তিনি।

* ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।এ হামলাকে ‘কাপুরুষোচিত ও বর্বর’ উল্লেখ করে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পরিষদ হামলাকারীদের বিচারের আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও জোর দিয়ে উল্লেখ করেছে।